সংখ্যালঘু নির্যাতন বন্ধের দাবীতে মানববন্ধন

প্রেসবাংলা ২৪.কম: সারাদেশে সংখ্যালঘু নির্যাতন বন্ধের দাবীতে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল করেছে বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ নারায়ণগঞ্জ জেলা ও মহানগরের নেতৃবৃন্দ। বুধবার (১১ আগস্ট) বিকালে নাারয়ণগঞ্জ প্রেসক্লাবের সামনে মানববন্ধন করে শহরের প্রধান প্রধান সড়ক বিক্ষোভ মিছিল নিয়ে প্রদক্ষিন করেন।
মানববন্ধনে এ সময়ে উপস্থিত বক্তারা বলেন, নয়মাস রক্তক্ষয়ী সংগ্রামের মধ্য দিয়ে আমরা একটি স্বাধীন ভূখন্ড লাভ করি। আমাদের প্রথমতম স্বপ্ন ছিল বাংলাদেশ নামক রাষ্ট্রটি হবে একটি অসাম্প্রদায়িক ও শোষণ মুক্ত রাষ্ট্র। কিন্তু এক শ্রেণীর নিজের স্বার্থ হাসিলের জন্য নির্যাতন করেছে সংখ্যালঘু সম্প্রদায়ের উপর। বিভিন্ন সময় সহিংসতার শিকার হচ্ছে সংখ্যালঘু সম্প্রদায়।
অপহরণ, ধর্ষণ, জোড় করে বিয়ে, ধর্মান্তরিত করা, চাঁদা আদায় ও সম্পত্তি দখল কোন কিছুই যেন বাদ নেই সংখ্যালঘুদের জন্য।
তারা ক্ষোভ প্রকাশ করে বলেন, যশোরের ঋষিপাড়া, হাজরাইল, হরিদাসকাঠি, মনিরামপুর অজনা আতঙ্কের জনপদে পরিণত হয়েছে। হাজরাইলের ঋষিপাড়ায় স্বামী ও শ্বশুড়কে বেধে রেখে নির্যাতন চালানো হয় গৃহবধূর উপর। শ্বাশুড়ি ধর্মের বাপ ডেকেও বাঁচাতে পারেনি ছেলে বউকে। অপরদিকে বাবা-ছেলেকে বেঁধে রেখে তাদের চোখের সামনেই শ্বাশুড়ী ও স্ত্রীর উপর চালানো হয়েছে পাশবিক নির্যাতন। খুলনার রূপসার শিয়ালি, পটুয়াখালীর কলাপাড়া, মৌলভীবাজারের কুলাউরাসহ দেশের নানাস্থানে সাম্প্রদায়িক উস্কানি দিয়ে হামলা করা হচ্ছে।
এ সময়ে তারা সোনারগাঁয়ের বাকপ্রতিবন্ধী জুলু রানীর ধর্ষক মালেক মিয়ার গ্রেফতার ও শাস্তির দাবী জানান।
জেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি দীপক কুমার সাহার সভাপতিত্বে এ সময়ে উপস্থিত ছিলেন জেলা পূজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক শিখন সরকার শিপন, যুগ্ম সম্পাদক উত্তম সাহা, মহানগর পূজা উদযাপন পরিষদের সভাপতি অরুন কুমার দাস, সাধারণ সম্পাদক উত্তম কুমার সাহা, ফতুল্লা পূজা উদযাপন পরিষদের সভাপতি রঞ্জিত কুমার মন্ডল, সাধারণ সম্পাদক শিবু দাস, সিদ্ধিরগঞ্জ থানার সভাপতি শিশির ঘোষ অমর, সাধারণ সম্পাদক খোকন চন্দ্র বর্মণ, সোনারগাঁ থানার সাধারণ সম্পাদক এডভোকেট. প্রদীপ ভৌমিক, বন্দর উপেজলা সাধারণ সম্পাদক শ্যামল বিশ্বাস, বন্দর থানা সভাপতি শংকর দাস প্রমুখ।











