রাজু হত্যা মামলার আসামিদের ফাঁসির দাবিতে নারায়ণগঞ্জ আদালত পাড়ায় মানববন্ধন

 

প্রেসবাংলা ২৪. কম : নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলার শম্ভুপুরা ইউনিয়নের চরহোগলা গ্রামের কৃষক ও বিএনপি কর্মী রাজু আহমেদ হত্যাকাণ্ড মামলার প্রধান আসামি শাহাদাৎ ও মোতালেবসহ সকল আসামির ফাঁসির দাবিতে নারায়ণগঞ্জ আদালত পাড়ায় এক বিশাল মানববন্ধন ও বিক্ষোভ কর্মসূচি পালিত হয়েছে

২৫ অক্টোবর (রোববার) বিকেলে নিহতের শোকার্ত স্বজন ও এলাকাবাসীর যৌথ উদ্যোগে এ কর্মসূচি পালন করা হয়।

মানববন্ধনে উপস্থিত বক্তারা অভিযোগ করেন, গত ২৬ জুলাই রাতে রাজনৈতিক ও স্থানীয় বিরোধের জেরে রাজু আহমেদকে তার নিজ বাড়িতে ঢুকে নির্মমভাবে পিটিয়ে ও ছুরিকাঘাত করে হত্যা করা হয়। এই ঘটনার পর স্থানীয় বিএনপি নেতা শাহাদাত প্রধান ও মোতালেবসহ জড়িতদের বিরুদ্ধে মামলা দায়ের করা হলেও এখনো প্রধান আসামিদের আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করা যায়নি।

নিহতের পরিবারের সদস্যরা ক্ষোভ প্রকাশ করে বলেন, চাঞ্চল্যকর এই হত্যা মামলার আসামিরা আদালত থেকে জামিন পেয়ে কিংবা প্রকাশ্যে ঘুরে বেড়িয়ে এখন উল্টো মামলা তুলে নেওয়ার জন্য বাদী ও সাক্ষীদের পরিবারকে এলাকা ছাড়ার হুমকি দিচ্ছে এবং মারধর করছে। এর ফলে পুরো ভুক্তভোগী পরিবার চরম নিরাপত্তাহীনতায় ভুগছেন।

মানববন্ধন থেকে এলাকাবাসী ও নিহতের স্বজনরা প্রশাসনের কাছে অবিলম্বে রাজু হত্যার মূল পরিকল্পনাকারী শাহাদাৎ, মোতালেব ও তাদের সহযোগীদের দ্রুত গ্রেপ্তার, জামিন বাতিল এবং দ্রুত বিচার ট্রাইব্যুনালের মাধ্যমে ফাঁসির রায় কার্যকরের জোর দাবি জানান। অন্যথায় আরও কঠোর কর্মসূচির হুঁশিয়ারি দেন তারা।