মাদকবিরোধী সংবাদ প্রকাশ করায় সাংবাদিককে প্রাণনাশের হুমকি

প্রেসবাংলা ২৪. কম : নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে মাদকবিরোধী সংবাদ প্রকাশ ও মাদক ব্যবসাসংক্রান্ত তথ্য পুলিশকে দেওয়াকে কেন্দ্র করে প্রাণনাশের হুমকি পাওয়ার অভিযোগ তুলে সংবাদ সম্মেলন করেছেন ফটোসাংবাদিক এইচ এম আমজাদ হোসেন মোল্লা। এ সময় তিনি নিজের ও পরিবারের নিরাপত্তা নিশ্চিত করা এবং অভিযোগের সুষ্ঠু তদন্তের মাধ্যমে জড়িতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের দাবি জানান।
এইচ এম আমজাদ হোসেন মোল্লা জাতীয় দৈনিক সরেজমিন বার্তার ফটোসাংবাদিক এবং সিদ্ধিরগঞ্জ প্রেসক্লাবের দপ্তর সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করছেন।
সংবাদ সম্মেলনে তিনি অভিযোগ করেন, সিদ্ধিরগঞ্জের এসিআই পানির কল সড়ক এলাকার কয়েকজন ব্যক্তি মাদক ব্যবসাসহ বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ডে জড়িত। এসব কর্মকাণ্ডে বাধা দেওয়া, মাদক ব্যবসাসংক্রান্ত তথ্য পুলিশকে দেওয়া এবং বিভিন্ন গণমাধ্যমে তাঁদের গ্রেপ্তারের সংবাদ প্রকাশের কারণে অভিযুক্তরা তাঁর ওপর ক্ষুব্ধ হন। এর জেরে তাঁকে বিভিন্ন সময়ে হুমকি ও ভয়ভীতি দেখানো হচ্ছে বলে দাবি করেন তিনি।
আমজাদ হোসেনের অভিযোগ, গত ১৪ অক্টোবর বিকেল আনুমানিক ৫টার দিকে সিদ্ধিরগঞ্জের পাঠানটুলী নতুন সড়ক এলাকায় ব্যক্তিগত কাজে অবস্থানকালে অভিযুক্ত কয়েকজন তাঁকে অকথ্য ভাষায় গালিগালাজ করেন। এর প্রতিবাদ জানালে তাঁকে মারধরের চেষ্টা করা হয়। এ সময় প্রাণনাশ, হত্যা করে লাশ গুম, বাড়িঘরে আগুন দেওয়া এবং তাঁকে ও তাঁর পরিবারের সদস্যদের মিথ্যা মামলায় জড়িয়ে হয়রানি করার হুমকি দেওয়া হয় বলে তিনি অভিযোগ করেন।
তিনি আরও দাবি করেন, অভিযুক্তদের একজনের সৎভাই সামাজিক যোগাযোগমাধ্যমে বিভিন্ন পত্রিকা ও পেজের সূত্র ব্যবহার করে তাঁর বিরুদ্ধে অপপ্রচার চালাচ্ছেন। এসব ঘটনায় তিনি ও তাঁর পরিবারের সদস্যরা নিরাপত্তাহীনতায় ভুগছেন বলেও জানান।
সংবাদ সম্মেলনে আমজাদ হোসেন সংশ্লিষ্ট আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কাছে ঘটনার নিরপেক্ষ তদন্ত, নিজের ও পরিবারের নিরাপত্তা নিশ্চিত করা এবং অভিযোগের সত্যতা যাচাই করে দায়ীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের দাবি জানান।
এ ঘটনায় তিনি সিদ্ধিরগঞ্জ থানার অফিসার ইনচার্জের (ওসি) কাছে লিখিত অভিযোগ দিয়েছেন বলেও জানান।











