পুলিশ ফাঁড়ির জন্য অত্যাধুনিক গাড়ি দিলেন সেলিম ওসমান

নগর প্রতিনিধি, প্রেসবাংলা২৪.কম: চাষাঢ়া পুলিশ ফাঁড়ির জন্য অত্যাধুনিক একটি গাড়ি দিয়েছেন নারায়ণগঞ্জ-৫ আসনের সংসদ সদস্য ও বিকেএমইএ’র সভাপতি সেলিম ওসমান। সম্পূর্ণ ব্যক্তিগত তহবিল থেকে গাড়িটি প্রদান করেন তিনি। এ গাড়িটি এক সাথে ১২ থেকে ১৪ জন পুলিশ সদস্যকে বহন করতে সক্ষম।
রোববার (১৫ নভেম্বর) বিকালে আধুনিক সুযোগ-সুবিধা সম্পন্ন দ্রুতগতির গাড়িটি নারায়ণগঞ্জ পুলিশ সুপার মোহাম্মদ জায়েদুল আলমের হাতে হস্তান্তর করা হয়।
এর আগে পুলিশ সুপার কার্যালয়ে সেলিম ওসমানকে ফুল দিয়ে শুভেচ্ছা জানান নারায়ণগঞ্জ জেলা পুলিশ সুপার মোহাম্মদ জায়েদুল আলম।
এ সময় পুলিশের অন্যান্য কর্মকর্তারা তার সাথে ছিলেন। গাড়ি হস্তান্তরের সময় সেলিম ওসমানের সাথে উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ চেম্বার অব কমার্সের সভাপতি খালেদ হায়দার খান কাজল, সিনিয়র সহ-সভাপতি মোরশেদ সারোয়ার (সোহেল), পরিচালক মো. শাহাদাত হোসেন ভুইয়া সাজনু, জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি ও পরিচালক এহসানুল হাসান নিপু।











