সোনা পাচারের চেষ্টা: জাপানে গোগনগরের ফজর আলী গ্রেপ্তার

প্রেসবাংলা ২৪. কম : জাপানের গুনমা প্রিফেকচারে সোনা চোরাচালানের অভিযোগে অভিযান চালিয়ে দুজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। ৫ নভেম্বর গুনমা প্রিফেকচার পুলিশ ওতা শহরের দুজন বাসিন্দাকে গ্রেপ্তার করে। তাদের একজন ৬৩ বছর বয়সী জাপানি নাগরিক কোইচি তানাকা, অপরজন ৬১ বছর বয়সী বাংলাদেশি নাগরিক ফজর আলী, যিনি নারায়ণগঞ্জ সদর উপজেলার গোগনগর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান।

ফজর আলী নারায়ণগঞ্জের শামীম ওসমান ও সেলিম ওমানের ঘনিষ্ঠ বলে পরিচিত ছিলেন। ৫ আগস্ট রাজনৈতিক পট পরিবর্তনের পর থেকে তিনি আত্মগোপনে চলে যান। সিঙ্গাপুর ও জাপানেই অধিকাংশ সময় অবস্থান করছিলেন বলে জানা গেছে।

পুলিশের ভাষ্য, গত ৯ আগস্ট সিঙ্গাপুর থেকে নারিতা বিমানবন্দরে ফেরার পথে তানাকার কাছ থেকে সোনার বার ও অলংকারসহ মোট ৬৯টি সামগ্রী পাওয়া যায়, যার আনুমানিক মূল্য ৪ কোটি ৫ লাখ ৭০ হাজার ইয়েন। এগুলো তিনি টোকিও শুল্ক কর্তৃপক্ষের কাছে ঘোষণা না করে নিয়ে আসেন বলে অভিযোগ। এতে প্রায় ৪৩ লাখ ৬০ হাজার ইয়েন শুল্ক ও ভোগ কর ফাঁকির চেষ্টা হয়েছে। সবকিছু ছিল তার ট্রাউজারের পকেটে। শুল্ক বিভাগ বিষয়টি ধরে ফেললেও গ্রেপ্তারের ঘটনা ঘটে তার তিন মাস পরে, কারণ ততদিনে তদন্ত অনেক দূর গড়িয়েছ।

তদন্তের সূত্রপাত গত বছরের জুলাইয়ের দিকে। গুনমার মূল্যবান ধাতু কেনাবেচার দোকানগুলোর নথি ঘাঁটতে গিয়ে পুলিশ দেখতে পায়, দুজন বারবার একাধিক দোকানে সোনা বিক্রি করছেন। সিঙ্গাপুরে যাওয়া আর ফিরে এসেই বিক্রি করার একটি ধরন সেখান থেকেই স্পষ্ট হয়। এরপর টোকিও শুল্ক কর্তৃপক্ষের সহায়তায় অনুসন্ধান চলতে থাকে। সিঙ্গাপুরে সোনা কেনায় কর লাগে না, ফলে জাপানে কর না দিয়ে বিক্রি করতে পারলে পুরো করের অঙ্কটাই লাভ হয়ে দাঁড়ায়। এই ফাঁকটুকুই চোরাচালানের মূল আকর্ষণ বলে ধারণা করা হয়।

পুলিশের তথ্যমতে, দুজন আলাদাভাবে সিঙ্গাপুরে যাতায়াত করতেন এবং গুনমার বিভিন্ন দোকানে সোনা বিক্রি করতেন। জাপানে প্রবেশের আগে ও পরে তাদের ঘন ঘন সাক্ষাতের প্রমাণ তদন্তকারীদের হাতে রয়েছে। পুলিশ তাদের পরিচিত বলে মনে করছে।

জিজ্ঞাসাবাদে দুজনই অভিযোগ অস্বীকার করেছেন। তানাকা বলেছেন, সোনা আনার বিষয়টি সত্য হলেও কর ফাঁকির উদ্দেশ্য তার ছিল না।

ফজর আলী বলেছেন, এই ঘটনার সঙ্গে তার কোনো সম্পর্ক নেই। তাদের বিরুদ্ধে শুল্ক আইন, ভোগ কর আইন ও স্থানীয় কর আইন লঙ্ঘনের অভিযোগ আনা হয়েছে। বিক্রয়লব্ধ অর্থের গতিপথ এবং তার পেছনে আর কেউ জড়িত কি না, তা এখন তদন্তাধীন।

সোনার দাম যখন আকাশছোঁয়া, তখন ছোট একটি পকেটের ভেতরেও লুকিয়ে থাকতে পারে কয়েক কোটি ইয়েনের হিসাব। গুনমার পুলিশ এই প্রথম সেই নীরব হিসাবের খাতা খুলল। আদালতে কী প্রমাণিত হবে, সেটাই এখন দেখার।