শেখ হাসিনা পরিবর্তন ও উন্নয়ণের রূপকার হিসাবে ইতিহাস হয়ে থাকবেন: সাজনু

প্রতিবেদক, প্রেসবাংলা২৪.কম: আওয়ামীলীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার ৭৪তম জন্মদিন আজ। ১৯৪৭ সালের এই দিনে গোপালগঞ্জের টুঙ্গীপাড়ার নিভৃত পল্লীতে জন্মগ্রহণ করেন তিনি। স্বাধীন বাংলাদেশের স্থপতি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও বঙ্গমাতা বেগম শেখ ফজিলাতুন্নেছার জ্যেষ্ঠ সন্তান শেখ হাসিনা। তার জন্ম দিনে শুভেচ্ছা জানিয়েছেন নারায়ণগঞ্জ মহানগর আওয়ামী যুবলীগের সভাপতি শাহাদাত হোসেন ভূঁইয়া সাজনু।
এক শুভেচ্ছা বার্তায় তিনি জানান, শুভ জন্মদিনে প্রধানমন্ত্রীর জন্য শুভকামনা ও আল্লাহ পাকের কাছে তার দির্ঘায়ু কামনা করছি। কেন্দ্রীয় যুবলীগের কর্মসূচি ও নির্দেশনা অনুযায়ী আমরা নারায়ণগঞ্জ মহনগর যুবলীগ ৪ দিনের ( ২৫সেপ্টেম্বর থেকে ২৮ সেপ্টেম্বর পর্যন্ত) কর্মসূচি পালন করছি। কর্মসূচির মধ্যে প্রধানমন্ত্রীর জন্য দির্ঘায়ু কামনা করে দোয়া ও মিলাদ, দৃষ্টিপ্রতিবন্ধী, বাকপ্রতিবন্ধী ও অসহায় মানুষের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ, তার জীবনি নিয়ে প্রামান্য চিত্র প্রদর্শনী ও বৃক্ষরোপণ কর্মসূচির আয়োজন করা হয়েছে।
তিনি আরো জানান, মানবতার মা মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা বাংলাদেশের পরিবর্তন ও উন্নয়ণের রূপকার হিসাবে ইতিহাস হয়ে থাকবেন। তিনি দরিদ্র ও ছোট দেশ মাথা উচু করে কিভাবে দাড়াতে হবে বিশ্বকে তাই শিখিয়েছেন। তার বিচক্ষণতায় ও বলিষ্ঠ নেতৃত্বে বাংলাদেশ এখন বিশ্বের কাছে এক দৃষ্টান্ত হয়ে দাড়িয়েছে।
বুধবার (২৩ সেপ্টেম্বর) বিকেলে যুবলীগ সাধারণ সম্পাদক মো. মাইনুল হোসেন খান নিখিল স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয় যে, যুবলীগের কর্মসূচির মধ্যে- ২৫ সেপ্টেম্বর শুক্রবার জুম্মার পর মহানগর, জেলা, উপজেলা, পৌরসভা, ইউনিয়ন ও ওয়ার্ডে প্রধানমন্ত্রীর দীর্ঘায়ু ও সুস্বাস্থ্য কামনা করে দোয়া ও মিলাদের আয়োজন করা হবে। একই দিন ঢাকা মহানগর উত্তর যুবলীগের উদ্যোগে বাদ জুম্মা মিরপুর হযরত শাহ আলী (রাঃ) মাজার মসজিদে এবং বাদ আসর ঢাকা মহানগর দক্ষিণ যুবলীগের উদ্যোগে হাইকোর্ট মাজার মসজিদে দোয়া মাহফিল ও রান্না করা খাবার বিতরণ করা হবে। ২৬ সেপ্টেম্বর শনিবার কেন্দ্রীয় শহীদ মিনারসহ বিভিন্ন জেলায় ভবঘুরে, পথশিশু, অসহায় মানুষের মাঝ রান্না করা খাবার বিতরণ করা হবে। ২৭ সেপ্টেম্বর রবিবার দেশব্যাপী শুভেচ্ছা স্বরুপ বৃক্ষরোপন করা হবে।
২৮ সেপ্টেম্বর সোমবার সকাল ১১ টায় কেন্দ্রীয় কার্যালয়ে মিলাদ ও দোয়া মাহফিলের আয়োজন করা হবে।
এছাড়া দৃষ্টিপ্রতিবন্ধী, বাকপ্রতিবন্ধী ও অসহায় মানুষের মাঝে রান্না করা খাবার ও বস্ত্র বিতরণ করা হবে। একই কর্মসূচি পালিত হবে মহানগর, জেলা, উপজেলা, পৌরসভা, ইউনিয়ন ও ওয়ার্ড পর্যায়ে। বাদ মাগবির যুবলীগের কেন্দ্রীয় কার্যালয়সহ প্রতিটি ইউনিটে প্রধানমন্ত্রীর জীবনির উপর প্রামাণ্য চিত্র প্রদর্শনী করা হবে।
উল্ল্যেখ্য, দাদা শেখ লুৎফর রহমান ও দাদি সাহেরা খাতুনের অতি আদরের নাতনি শেখ হাসিনার শৈশব-কৈশোর কেটেছে মধুমতি নদীর তীরবর্তী গ্রাম টুঙ্গিপাড়ায়। শেখ কামাল, শেখ জামাল, শেখ রেহানা ও শেখ রাসেলসহ তারা পাঁচ ভাই-বোন। বর্তমানে শেখ হাসিনা ও রেহানা ছাড়া কেউই জীবিত নেই। ১৯৭৫ সালের ১৫ আগস্টের কালরাতে বঙ্গবন্ধু ও শেখ ফজিলাতুন্নেছাসহ সবাই ঘাতকদের বুলেটে নিহত হন।
শেখ হাসিনার শিক্ষাজীবন শুরু হয়েছিল টুঙ্গিপাড়ার এক পাঠশালায়। ১৯৫৪ সালের নির্বাচনে বঙ্গবন্ধু প্রাদেশিক পরিষদের সদস্য নির্বাচিত হয়ে পরিবারকে ঢাকায় নিয়ে চলে আসেন। তখন পুরনো ঢাকার রজনী বোস লেনে ভাড়া বাসায় ওঠেন তারা। বঙ্গবন্ধুু যুক্তফ্রন্ট মন্ত্রিসভার সদস্য হলে সপরিবারে ৩, নম্বর মিন্টু রোডের বাসায় তারা বসবাস শুরু করেন। শেখ হাসিনাকে ঢাকা শহরে টিকাটুলির নারী শিক্ষা মন্দিরে ভর্তি করা হয়। এখন এই শিক্ষাপ্রতিষ্ঠানটি শেরেবাংলা গার্লস স্কুল অ্যান্ড কলেজ নামে খ্যাত। শুরু হয় তার শহর বাসের পালা।
১৯৬৫ সালে আজিমপুর বালিকা বিদ্যালয় থেকে মাধ্যমিক, ১৯৬৭ সালে ইন্টারমিডিয়েট গার্লস কলেজ (বর্তমান বদরুন্নেসা সরকারি মহিলা মহাবিদ্যালয়) থেকে উচ্চ মাধ্যমিক পরীক্ষায় পাস করেন শেখ হাসিনা। ওই বছরেই তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ে বাংলা ভাষা ও সাহিত্যে অনার্সে ভর্তি হন এবং ১৯৭৩ সালে স্নাতক ডিগ্রি লাভ করেন।
শেখ হাসিনা ইন্টারমিডিয়েট গার্লস কলেজে পড়ার সময় ছাত্র সংসদের সহ-সভাপতি নির্বাচিত হন। তিনি ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের সদস্য এবং রোকেয়া হল শাখার সাধারণ সম্পাদক ছিলেন। ছাত্রলীগের নেত্রী হিসেবে তিনি আইয়ুব বিরোধী আন্দোলন এবং ৬ দফা আন্দোলনে সক্রিয়ভাবে অংশগ্রহণ করেন।
১৯৬৬ সালে বঙ্গবন্ধু উত্থাপিত ৬ দফা দাবিতে পূর্ববাংলায় এক অভূতপূর্ব জাতীয় জাগরণ সৃষ্টি হয়। শাসকগোষ্ঠী ভীতসন্ত্রস্ত হয়ে বঙ্গবন্ধুকে গ্রেফতার করে। শুরু হয় দমন-নির্যাতন। আটক থাকা অবস্থাতেই বঙ্গবন্ধুর বিরুদ্ধে পাকিস্তানি শাসকগোষ্ঠী আগরতলা ষড়যন্ত্র মামলা দায়ের করে। তার জীবন ও পরিবারের ওপর নেমে আসে গভীর বিপদাশংকা ও দুঃসহ দুঃখ-যন্ত্রণা। এই ঝড়ো দিনগুলোতেই বঙ্গবন্ধুর আগ্রহে ১৯৬৮ সালে পরমাণু বিজ্ঞানী ড. ওয়াজেদ মিয়ার সঙ্গে শেখ হাসিনার বিয়ে হয়।
১৯৭১ সালের ২৫ মার্চ রাতে বঙ্গবন্ধুকে গ্রেফতার করে পাকিস্তানের করাচিতে নিয়ে যাওয়ার পর গোটা পরিবারকে ঢাকায় ভিন্ন এক বাড়িতে গৃহবন্দী করে রাখা হয়। অবরুদ্ধ বাংলাদেশে মুক্তিযুদ্ধ চলাকালে ১৯৭১ সালের ২৭ জুলাই শেখ হাসিনা গৃহবন্দী অবস্থায় তার প্রথম সন্তান সজীব ওয়াজেদ জয়ের মা হন। ১৯৭২ সালের ৯ ডিসেম্বর জন্ম হয় সায়মা ওয়াজেদ হোসেন পুতুলের। ১৯৭৫ সালে সপরিবারে বঙ্গবন্ধু নিহত হওয়ার আগে ছোট বোন শেখ রেহানাসহ শেখ হাসিনা ইউরোপ যান। সেখানে অবস্থানকালে তিনি সপরিবারে বঙ্গবন্ধুর নিহত হওয়ার খবর পান। তাক্ষণিকভাবে দেশে ফেরার কোনো পরিবেশ না থাকায় তিনি ইউরোপ ছেড়ে স্বামী-সন্তানসহ ভারতে রাজনৈতিক আশ্রয় নেন।
শেখ হাসিনার পরবর্তী ইতিহাস একবিংশ শতকের অভিযাত্রায় তিনি কীভাবে বাঙালি জাতির কাণ্ডারি হয়েছেন তার ইতিহাস। বঙ্গবন্ধু যে সোনার বাংলার স্বপ্ন দেখতেন সেই স্বপ্ন রূপায়নের দায়িত্ব নিয়ে বাঙালি জাতির আলোর দিশারী হওয়ার ইতিহাস। ১৯৮১ সালের ১৩ থেকে ১৫ ফেব্রুয়ারি অনুষ্ঠিত আওয়ামী লীগের দ্বিবার্ষিক সম্মেলনে তাকে প্রথমবারের মতো দলের সভাপতি নির্বাচিত করা হয়। আর ওই বছরই ১৭ মে দীর্ঘ ৬ বছর প্রবাস জীবনের অবসান ঘটিয়ে মাতৃভূমি বাংলাদেশে ফিরে আসেন। ১৯৮৬ সালের সংসদ নির্বাচনে তিনি তিনটি আসন থেকে নির্বাচিত হন। ১৯৯০ সালের ঐতিহাসিক গণআন্দোলনে নেতৃত্ব দেন। ১৯৯১ সালের সংসদ নির্বাচনের পরে তিনি পঞ্চম জাতীয় সংসদের বিরোধী দলের নেতা নির্বাচিত হন।
১৯৯৬ সালের নির্বাচনে আওয়ামী লীগ সংখ্যাগরিষ্ঠ আসন পেয়ে সরকার গঠন করে এবং সে বছরের ২৩ জুন দেশের প্রধানমন্ত্রীর দায়িত্ব গ্রহণ করেন শেখ হাসিনা। তার সরকারের আমলেই ভারতের সাথে স্বাক্ষরিত হয় ঐতিহাসিক গঙ্গার পানিবণ্টন চুক্তি। সম্পাদিত হয় পার্বত্য চট্টগ্রাম শান্তি চুক্তি। বাংলাদেশ অর্জন করে খাদ্যে স্বয়ংসম্পূর্ণতা। জাতীয় প্রবৃদ্ধি ৬.৪ শতাংশ ছাড়িয়ে যায়। মুদ্রাস্ফীতি নেমে আসে ১.৫৯ শতাংশে। দারিদ্র্য হ্রাস পায়। খাদ্য, শিক্ষা, স্বাস্থ্য, কৃষি, ক্রীড়াসহ প্রতিটি ক্ষেত্রে ঘুরে দাঁড়ায় বাংলাদেশ। বাংলাদেশের ইতিহাসে শেখ হাসিনার প্রথমবারের (১৯৯৬-২০০১) শাসনকাল চিহ্নিত হয় ’৭৫ পরবর্তী সময়ের স্বর্ণযুগ হিসেবে।
২০০১ সালের জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগ পরাজিত হয়। দলটির পক্ষ থেকে দাবি করা হয় ওই নির্বাচনে ষড়যন্ত্র ও কারচুপির মাধ্যমে বিএনপি-জামাআত জোট ক্ষমতা গ্রহণ করে। এরপর ২০০৪ সালের ২১ আগস্ট বঙ্গবন্ধু এভিনিউতে আওয়ামী লীগের জনসভায় গ্রেনেড নিক্ষেপ করে তাকে হত্যার ষড়যন্ত্র করা হয়। তিনি অলৌকিকভাবে বেঁচে গেলেও ওই হামলায় ২৪ জন নিহত এবং পাঁচশ নেতাকর্মী আহত হন।
এরপর ২০০৭ সালের ১/১১-এর পর শুরু হয় নতুন ষড়যন্ত্র। শেখ হাসিনাকে রাজনীতি থেকে সরিয়ে দেয়ার জন্য হাজির করা হয় ‘মাইনাস টু ফর্মুলা’। শেখ হাসিনা মার্কিন যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্য সফর শেষে দেশে ফিরে আসার সময় বেআইনিভাবে নিষেধাজ্ঞা জারি করে তত্ত্বাবধায়ক সরকার। কিন্তু তিনি ২০০৭ সালের ৭ মে দেশে ফিরে আসেন। এর দুই মাস পর ২০০৭ সালের ১৬ জুলাই নিজ বাসভবন ‘সুধাসদন’ থেকে শেখ হাসিনাকে গ্রেফতার করা হয়। জাতীয় সংসদ এলাকায় একটি অস্থায়ী কারাগারে তাকে বন্দি করে রাখা হয়। তার বিরুদ্ধে দায়ের করা হয় একের পর এক ষড়ন্ত্রমূলক মিথ্যা মামলা। কারাগারে তার জীবননাশের ষড়যন্ত্র চলে। তিনি গুরুতর অসুস্থ হয়ে পড়েন। জীবন মৃত্যুকে পায়ের ভৃত্য করে চলতে থাকে গণসংগ্রাম ও আইনি লড়াই। আওয়াজ ওঠে শেখ হাসিনাকে বাদ দিয়ে কোনো নির্বাচন নয়। বদলে যায় দৃশ্যপট। ২০০৮ সালের ১১ জুন মুক্তি লাভ করেন তিনি।
২০০৮ সালের ২৯ ডিসেম্বর অনুষ্ঠিত সংসদ নির্বাচনে আওয়ামী লীগ দুই-তৃতীয়াংশের বেশি আসন নিয়ে বিশাল বিজয় অর্জন করে। এই বিজয়ের মধ্য দিয়ে শেখ হাসিনা দ্বিতীয়বারের মতো বাংলাদেশের প্রধানমন্ত্রী নির্বাচিত হন। পরবর্তীতে ২০১৪ সালের ৫ জানুয়ারি তৃতীয়বার এবং ২০১৮ সালের ডিসেম্বরে সংসদ নির্বাচনে বিজয়ী হয়ে চতুর্থবারের মতো বাংলাদেশের প্রধানমন্ত্রীর দায়িত্ব পালন করছেন।
২০০৯ সালে ক্ষমতা গ্রহণের পর প্রতি বছরের এই সময়ে জাতিসংঘের সাধারণ অধিবেশনে যোগ দিতে তিনি যুক্তরাষ্ট্রে অবস্থান করতেন। নেতাকর্মীরা সেই সময় তার জন্মদিন পালন করতো নেতাকর্মীরা। কিন্তু এইবার করোনাভাইরাসের কারণে দেশেই অবস্থান করছেন তিনি। এরই মধ্যে ঘটা করে জন্মদিন পালন না করতে নেতাকর্মীদের প্রতি নির্দেশ দিয়েছেন শেখ হাসিনা।











