আপনাদের আপা কিন্তু এদেশে আসার সুযোগ নেই : আব্দুল জব্বার

প্রেসবাংলা ২৪. কম : নারায়ণগঞ্জ মহানগর জামায়াতে ইসলামীর আমীর মাওলানা আব্দুল জব্বার বলেছেন, “বিএনপিকে কিছু বললে আওয়ামী লীগ খুশি হয়। কারণ তারা মনে করে, বিএনপি-জামায়াত যদি ঝগড়া করে তাহলে তাদের লাভ। আওয়ামী লীগকে বলব, আপনাদের আপা কিন্তু এদেশে আসার সুযোগ নেই।”

শনিবার (১ আগস্ট) বিকেলে নগরীর চাষাড়ায় জুলাই সনদ বাস্তবায়নের দাবিতে নারায়ণগঞ্জ মহানগর জামায়াতে ইসলামীর আয়োজিত গণমিছিলের আগে সংক্ষিপ্ত সমাবেশে তিনি এসব কথা বলেন।

আব্দুল জব্বার বিএনপির উদ্দেশে বলেন, “সংসদে নতুন বিল এনে জুলাই সনদ বাস্তবায়ন করতে হবে। আর যদি সেটি না করেন, তাহলে যাওয়ার রাস্তা খুঁজতে থাকুন। আপনাদের ভেতরে ফ্যাসিবাদী চরিত্র দেখতে পাচ্ছি। গতকাল আড়াইহাজারে জামায়াত কর্মীদের ওপর বিএনপির সন্ত্রাসীরা হামলা করেছে।”

তিনি বলেন, বিএনপির মহাসচিবও সম্প্রতি স্বীকার করেছেন যে দুর্নীতি এখনো রয়ে গেছে। “নিজের ঘরে যদি দুর্নীতিবাজ থাকে, তাহলে দুর্নীতি কীভাবে দমন করা যাবে?”— এমন প্রশ্নও তোলেন তিনি।

নারায়ণগঞ্জে ছাত্রহত্যার মামলাগুলোর বিচার দ্রুত সম্পন্নের দাবি জানিয়ে তিনি বলেন, “শামীম ওসমানসহ ছাত্রহত্যার সঙ্গে জড়িতদের আইনের আওতায় আনতে হবে। নারায়ণগঞ্জ আদালতে ছাত্রহত্যার অসংখ্য মামলা রয়েছে, কিন্তু এসব মামলার বিচারকাজ খুব ধীরগতিতে চলছে।”

প্রশাসনের উদ্দেশে তিনি বলেন, “শহীদ পরিবারের সদস্যরা কোথাও কোথাও নিজেদের বাড়িতে নিরাপদে থাকতে পারছেন না বলে খবর পাচ্ছি। প্রশাসনকে নিরপেক্ষভাবে সংবিধান ও আইনের আলোকে দায়িত্ব পালন করতে হবে। রাজনৈতিক পরিচয় বিবেচনা না করে ছাত্রহত্যায় জড়িতদের এবং সন্ত্রাসী কর্মকাণ্ডে জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে হবে।”

সমাবেশে তিনি জুলাই সনদের দ্রুত বাস্তবায়ন এবং আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নয়নে কার্যকর পদক্ষেপ গ্রহণেরও আহ্বান জানান।