বাকপ্রতিবন্ধী মেয়েকে ধর্ষণ, সৎ বাবা গ্রেফতার

প্রেসবাংলা ২৪.কম: নারায়ণগঞ্জের আড়াইহাজারে বাকপ্রতিবন্ধী মেয়েকে ধর্ষণের অভিযোগে সৎ বাবা মো. বাদলকে গ্রেফতার করেছে র‌্যাব-১১। বুধবার (৯ জুন) দুপুরে নিজ কার্যালয়ে সংবাদ সম্মেলনে এ তথ্য জানান র‌্যাব-১১ এর কোম্পানি কমান্ডার লে. মো. তৌহিদুল মবিন খান।

এর আগে, ৮ জুন সন্ধ্যা সাড়ে ৬টার দিকে নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলার বরপা কেরাম বোর্ডের মোড় এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত বাদল জেলার আড়াইহাজার উপজেলার সিংহদী গ্রামের মো. সোবানের ছেলে।

সংবাদ সম্মেলনে লে. মো. তৌহিদুল জানান, দীর্ঘদিন ধরে নিজ ঘরে প্রতিবন্ধী সৎ মেয়েকে ধর্ষণ করছিলেন বাদল। সর্বশেষ ১৫ মার্চ রাত ১টার দিকে ফের মেয়েকে ধর্ষণের চেষ্টা করেন তিনি। এ সময় ভুক্তভোগী ও তার বোনের চিৎকারে বিষয়টি জানাজানি হয়।

এ ঘটনায় ২০ মার্চ আড়াইহাজার থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা করেন ভুক্তভোগীর মামা। মামলার পর পালিয়ে যান বাদল। দীর্ঘদিন গোয়েন্দা নজরদারির মাধ্যমে তার অবস্থান নিশ্চিত হয় র‌্যাব। পরে এ দিন রাতে অভিযান চালিয়ে বাদলকে গ্রেফতার করা হয়।