সোনারগাঁয়ে ভূয়া কর্মকর্তা গ্রেপ্তার

প্রেসবাংলা ২৪. কম (সোনারগাঁ প্রতিনিধি): নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে নির্মাণাধীন একটি স্টিল কোম্পানিতে পরিবেশ অধিদপ্তরের কর্মকতা পরিচয়ে অভিযান চালাচ্ছিলেন তিন ব্যক্তি।

এ সময় ৩ ভূয়া কর্মকর্তাসহ ৪জনকে গ্রেপ্তার করা হয়। একই সময়ে তাদের ব্যবহৃত একটি মাইক্রোবাস ও এক ক্যান বিয়ার জব্দ করা হয়।

মঙ্গলবার (৮ জুন) রাতে সোনারগাঁ উপজেলার জামপুর ইউনিয়নের বস্তল এলাকায় এ্যাম্পেয়ার স্টিল কোম্পানি থেকে তাদের আটক করে পুলিশে দেয় স্থানীয়রা। পরদিন ৯ জুন দুপুরে তাদের নারায়ণগঞ্জ আদালতে পাঠানো হয়েছে।

গ্রেপ্তারকৃতরা হলেন, দিনাজপুরের বিরামপুরের পূর্ব জগন্নাথপুর গ্রামের জমিরউদ্দীন মন্ডলের ছেলে মুজাহিদুল ইসলাম মানিক, নাটোরের নালপুরের গন্ডবিল গ্রামের আব্দুল লতিফের ছেলে সাইফুল ইসলাম সেন্টু, ডেমরার রামৈল গ্রামের জমির আলীর ছেলে কামরুজ্জামান ও ময়মনসিংহের ধোবাউড়া থানার জাঙ্গালিয়া পাড়া গ্রামের মৃত হেলাল উদ্দিনের ছেলে মো. সরাফ মিয়া।

জানা যায়, মঙ্গলবার রাতে উপজেলার জামপুর ইউনিয়নের বস্তল এলাকায় অ্যাম্পেয়ার স্টিল কোম্পানিতে পরিবেশ অধিদপ্তরের কর্মকর্তা পরিচয়ে ভেতরে প্রবেশ করেন অভিযুক্তরা। এসময় ওই কোম্পানির কর্মকর্তা ও কর্মচারীদের ভয়ভীতি দেখিয়ে বিভিন্ন কাগজপত্র দেখতে চান তারা। কাগজপত্রে সমস্যা আছে বলে মীমাংসার জন্য পাঁচ লাখ টাকা দাবি করেন তারা। পরে বিষয়টি অ্যাম্পেয়ার স্টিল কোম্পানির মালিক আবুল কালামকে অবগত করা হয়। কিন্তু ওই ভুয়া কর্মকর্তাদের সঙ্গে কথা বলার একপর্যায়ে কোম্পানির লোকজনের সন্দেহ হয়। তাদের আটক করে পুলিশে খবর দেন তারা।

খবর পেয়ে পুলিশ নারায়ণগঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার (খ-অঞ্চল) মো. বিল্লাল হোসেন ও তালতলা ফাঁড়ি পুলিশের ইনচার্জ মো. ইকবাল হোসেন ঘটনাস্থলে গিয়ে তাদের গ্রেপ্তার করেন।