টয়লেটে পালিয়েও রক্ষা পেলো না সোনারগাঁওয়ের ইউপি চেয়ারম্যান 

টয়লেটে পালিয়েও রক্ষা পেলো না সোনারগাঁওয়ের ইউপি চেয়ারম্যান 

নারায়ণগঞ্জ প্রতিনিধি, প্রেসবাংলা২৪.কম: নারায়ণগঞ্জের সোনারগাঁওয়ে রয়েল রিসোর্টে হেফাজত ইসলামের যুগ্ম মহাসচিব মামুনুল হক নারীসহ অবরুদ্ধের পর হেফাজতের সহিংসতা ভাংচুর ও অগ্নিসংযোগের মামলায় সোনারগাঁও উপজেলা জাতীয় পার্টির সভাপতি আব্দুর রউফকে গ্রেফতার করেছে পুলিশ। তিনি পাশাপাশি উপজেলার শম্ভুপুরা ইউয়নের পরিষদের চেয়ারম্যান। তিনি পরিষদের টয়লেটের ভেতরে পালিয়ে থেকেও শেষ রক্ষা পেলো না।
সোমবার (১৯ এপ্রিল) দুপুরে উপজেলার শম্ভুপুরা ইউনিয়ন পরিষদে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করে।
সোনারগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাফিজুল ইসলাম গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করে বলেন, সহিংসতা ভাংচুর ও অগ্নিসংযোগের মামলায় উপজেলার জাতীয় পার্টির সভাপতি ও স্থানীয় ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুর রউফকে গ্রেপ্তারের পর নারায়ণগঞ্জ আদালতে প্রেরণ করা হয়েছে।
তিনি আরো জানান, হেফাজত ইসলামের সহিংসতার ঘটনার পর থেকে তিনি আত্মগোপনে থাকে। সোমবার দুপুরে অভিযান চালিয়ে পরিষদের টয়লেটের ভেতর থেকে তাকে গ্রেফতার করা হয়।
এর আগে গ্রেফতার করা হয় সোনারগাঁও পৌর কাউন্সিলর ও জাতীয় পার্টির নেতা ফারুক আহমেদ তপন ও সাবেক কাউন্সিলর, জাতীয় পার্টির নেতা গরিবে নেওয়াজকে।
উল্লেখ্য, গত ৩ এপ্রিল নারায়ণগঞ্জের সোনারগাঁওয়ে রয়েল রিসোর্টে হেফাজতের যুগ্ম মহাসচিব মামুনুল হক এক নারী সহ অবরুদ্ধ হয়। এ ঘটনায় তার সমর্থকরা রয়েল রিসোর্টে, আওয়ামীলীগ অফিস ও আওয়ামী লীগের নেতাকর্মীদের ঘরবাড়ি ভাংচুর  ও মহাসড়কে অগ্নিসংযোগ করে নাশকতা চালায়। এ ঘটনায় পুলিশ বাদি হয়ে ২টি ও ক্ষতিগ্রস্তরা বাদি হয়ে ৫টি মামলা দায়ের করেন। এ  মামলা ৪৪৬ জনের নাম উল্লেখ করে ১৮০০ জনকে আসামী করা হয়। এ পর্যন্ত ৭ মামলায় পুলিশ ৬৩ জনকে গ্রেফতার করেছে।