বর্ণাঢ্য র্যালির মধ্য দিয়ে নারায়ণগঞ্জে বৃক্ষ মেলার উদ্বোধন

বৃক্ষরোপণে সাজাই দেশ,সবার আগে বাংলাদেশ’প্রতিপাদ্যকে সামনে রেখে নারায়ণগঞ্জ জেলা প্রশাসন ও সামাজিক বন বিভাগের উদ্যোগে বর্ণাঢ্য র্যালির মধ্য দিয়ে বৃক্ষরোপণ অভিযান ও বৃক্ষ মেলা ২০২৬-এর উদ্বোধন করা হয়েছে।
মঙ্গলবার সকালে চাষাড়া শহীদ জিয়া হল প্রাঙ্গণ থেকে একটি বর্ণাঢ্য র্যালি বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। র্যালিতে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থী, পরিবেশকর্মী, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের প্রতিনিধিরা গাছের চারা, ব্যানার ও ফেস্টুন নিয়ে অংশগ্রহণ করেন।
পরে জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট মো. রায়হান কবিরের সভাপতিত্বে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন নারায়ণগঞ্জ-৫ আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট আবুল কালাম। তিনি বলেন, জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবিলায় বৃক্ষরোপণের কোনো বিকল্প নেই। সরকারি উদ্যোগের পাশাপাশি সাধারণ মানুষকে নিজ নিজ অবস্থান থেকে বেশি বেশি গাছ লাগানোর আহ্বান জানান তিনি।
সভাপতির বক্তব্যে জেলা প্রশাসক মো. রায়হান কবির বলেন, আগামী তিন মাসে নারায়ণগঞ্জ জেলায় ৫ লাখ চারা রোপণের লক্ষ্য নির্ধারণ করা হয়েছে। তিনি জানান,বৃক্ষ মেলার মাধ্যমে সাধারণ মানুষ সহজেই উন্নত জাতের ফলজ, বনজ ও ঔষধি গাছের চারা সংগ্রহ করতে পারবেন।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পুলিশ সুপার মোহাম্মদ মিজানুর রহমান মুন্সী, ঢাকা সামাজিক বন বিভাগের বিভাগীয় বন কর্মকর্তা শারমীন আক্তার এবং নারায়ণগঞ্জ মহানগর বিএনপির সদস্য সচিব অ্যাডভোকেট আবু আল ইউসুফ খান টিপু।
আলোচনা শেষে অতিথিরা শহীদ জিয়া হল প্রাঙ্গণে বৃক্ষরোপণ করেন এবং মেলার বিভিন্ন স্টল পরিদর্শন করেন। মেলায় সরকারি ও বেসরকারি নার্সারির বিভিন্ন প্রজাতির ফলজ, বনজ ও ঔষধি গাছের চারা প্রদর্শন ও বিক্রি করা হচ্ছে।











