নারায়ণগঞ্জে বিনম্র শ্রদ্ধায় জুলাই গণঅভ্যুত্থানের শহিদদের প্রতি শ্রদ্ধা

প্রেসবাংলা ২৪. কম : ঐতিহাসিক জুলাই গণঅভ্যুত্থানের শহিদদের স্মরণে বিনম্র শ্রদ্ধা ও যথাযথ মর্যাদায় নারায়ণগঞ্জে জুলাই ‘শহিদ দিবস-২০২৬’ পালিত হয়েছে। দিবসটি উপলক্ষ্যে (১৬ জুলাই) জেলা প্রশাসন, নারায়ণগঞ্জের উদ্যোগে এক বিশেষ পুষ্পস্তবক অর্পণ, আলোচনা সভা ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়।
অনুষ্ঠানে জুলাই গণঅভ্যুত্থানে শাহাদাতবরণকারী বীর শহিদদের স্মৃতির প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করা হয় এবং তাঁদের আত্মার মাগফিরাত কামনা করে বিশেষ মোনাজাত পরিচালনা করা হয়।
উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ-৪ আসনের সংসদ সদস্য আব্দুল্লাহ আল আমিন, জেলা পরিষদের প্রশাসক অধ্যাপক মামুন মাহমুদ, জেলার জেলা প্রশাসক মোঃ রায়হান কবির। এছাড়াও জেলা প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ, বিভিন্ন সরকারি দপ্তরের প্রতিনিধিবৃন্দ এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ অনুষ্ঠানে অংশ নেন।
বিশেষভাবে আমন্ত্রিত অতিথি হিসেবে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন দেশের জন্য আত্মত্যাগকারী আহত জুলাইযোদ্ধা এবং শহিদ পরিবারের সদস্যবৃন্দ। তাঁদের পাশাপাশি বিভিন্ন রাজনৈতিক দলের নেতাকর্মী ও সর্বস্তরের সাধারণ মানুষ উপস্থিত হয়ে শহিদদের প্রতি শ্রদ্ধা জানান।
অনুষ্ঠানে জেলা প্রশাসক মোঃ রায়হান কবির বলেন, “জুলাই গণঅভ্যুত্থানের শহিদদের আত্মত্যাগ বাঙালি জাতির ইতিহাসে এক গৌরবোজ্জ্বল অধ্যায়। তাঁদের এই সর্বোচ্চ ত্যাগের ফলেই আজ আমরা একটি নতুন ও বৈষম্যহীন বাংলাদেশের স্বপ্ন দেখছি। আহত জুলাইযোদ্ধা ও শহিদ পরিবারের পাশে থাকা এবং তাঁদের স্বপ্ন বাস্তবায়ন করা আমাদের নৈতিক দায়িত্ব।”
পুষ্পস্তবক অর্পণ শেষে উপস্থিত সকলে শহিদদের স্মরণে একটি বিশেষ দোয়া মাহফিলের মাধ্যমে বীর শহিদদের আত্মার মাগফিরাত এবং আহতদের দ্রুত সুস্থতা কামনা করে দেশ ও জাতির কল্যাণে মোনাজাত করা হয়।











