রথযাত্রায় প্রহরী হিসেবে থাকবো : অ্যাড. সাখাওয়াত হোসেন খান

রথযাত্রা ও উল্টো রথযাত্রা মহা উৎসব উদযাপন উপলক্ষে হিন্দুধর্মাবলম্বীদের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
রবিবার ( ১২ জুলাই ) বিকেলে মিশনপাড়া হোসিয়ারী কমিউনিটি সেন্টারে মহানগর বিএনপির আয়োজনে মতবিনিময় সভায় সভাপতিত্ব করেন নারায়ণগঞ্জ সিটি করপোরেশন প্রশাসক ও মহানগর বিএনপির আহবায়ক এড. সাখাওয়াত হোসেন খান।
সভাপতির বক্তব্যে এড. সাখাওয়াত হোসেন খান বলেন, আমাদের কিছু রাজনৈতিক প্রতিপক্ষ আছে, যারা নারায়ণগঞ্জসহ সারা দেশে একটি ধর্মীয় বিদ্বেষ বা বিরোধ সৃষ্টির চেষ্টা করছে। কিন্তু আমরা চাই না নারায়ণগঞ্জে কোনো ধরনের ধর্মীয় বিরোধ তৈরি হোক। অন্য জায়গায় কী হচ্ছে না হচ্ছে, সেটা তারা দেখবে; কিন্তু আমরা আজকে এখানে অত্যন্ত সচেতন। আজকে এখানে আমাদের হিন্দু সম্প্রদায়ের নারায়ণগঞ্জের স্থানীয় নেতৃবৃন্দ উপস্থিত হয়েছেন। আমাদের মূল বিষয়টি হলো—আমাদের মাননীয় প্রধানমন্ত্রীর নির্দেশে এবং কিছুক্ষণ আগে আমাদের দলীয় হাই কমান্ডের সাথেও আমার এ বিষয়ে কথা হয়েছে যে, রথযাত্রা ও উল্টো রথযাত্রা এই অনুষ্ঠানটিকে অত্যন্ত গুরুত্ব দিয়ে সুন্দর ও সার্থকভাবে সম্পন্ন করতে হবে।
তিনি আরো বলেন, সেই ক্ষেত্রে আজকে সনাতন ধর্মীয় সম্প্রদায়ের যারা এখানে এসেছেন, তাদের কাছে আমার একটি অনুরোধ থাকবে—আপনারা ঠিক কোন কোন স্পটে বা মণ্ডপে এই অনুষ্ঠানগুলো করবেন, সেই তালিকাটি দয়া করে আমাদের জানাবেন। আপনারা যেখানেই অনুষ্ঠান করবেন, আমরা সেখানে আমাদের নেতা-কর্মী এবং প্রশাসনের লোকজন দিয়ে সর্বোচ্চ নিরাপত্তা ব্যবস্থা নিশ্চিত করব। আপনাদের এই ধর্মীয় উৎসব বা অনুষ্ঠানটি নির্বিঘ্নে এবং আপনাদের মনের মতো করে উদযাপন করতে পারেন, সেটির প্রতি আমরা পূর্ণ খেয়াল রাখবো। আমরা নিজেরাও এই অনুষ্ঠানগুলোতে আপনাদের সহযোগী ও প্রহরী হিসেবে সবসময় পাশে থাকবো।
নারায়ণগঞ্জ মহানগর বিএনপির সদস্য সচিব এড. আবু আল ইউসুফ খান টিপুর সঞ্চালনায় আরো উপস্থিত ছিলেন, মহানগর বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক এড. জাকির হোসেন, যুগ্ম আহ্বায়ক ফতেহ মোঃ রেজা রিপন, মহানগর বিএনপির সিনিয়র সদস্য ডাঃ মজিবর রহমান, নারায়ণগঞ্জ চেম্বার অর্ব কমার্স এন্ড ইন্ডাস্ট্রির পরিচালক হানিফ সরদার, সদর থানা বিএনপির সভাপতি মাসুদ রানা,মহানগর শ্রমিক দলের আহবায়ক এস এম আসলাম, বন্দর উপজেলা বিএনপির সভাপতি মাজহারুল ইসলাম হিরণ, বন্দর থানা বিএনপির সাধারণ সম্পাদক নাজমুল হক রানা, যুবদল নেতা মাজহারুল ইসলাম জোসেফ, বিশিষ্ট শিল্পপতি সরোজ কুমার সাহা, বিশিষ্ট শিল্পপতি কল্যাণ ট্রাস্টের সাবেক ট্রাস্টি পরিতোষ কান্তি সাহা, জেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি বীর মুক্তিযোদ্ধা শংকর কুমার দে, সাধারণ সম্পাদক শিখন সরকার শিপন , বলদেব জিউর আখড়া মন্দিরের সভাপতি জয় কে রায় চৌধুরী বাপ্পি, মহানগর পূজা উদযাপন পরিষদের সভাপতি সুশীল দাস সহ অসংখ্য নেতৃবৃন্দ।











