ফতুল্লায় অপহরণের ৫ দিন পর কিশোরীকে উদ্ধার

ফতুল্লা প্রতিনিধি, প্রেসবাংলা২৪.কম: অপহরণের ৫ দিন পর এক কিশোরীকে উদ্ধার করেছে ফতুল্লা মডেল থানা পুলিশ। এসময় অপহরণের সাথে জড়িত থাকার অভিযোগে মোঃ লিটন (৩০) নামে এক যুবককে গ্রেফতার করেছে পুলিশ। গ্রেফতারকৃত লিটন ফতুল্লার আরাফাত নগরের আজমি মসজিদ সংলগ্ন মৃত নুরুল ইসলামের পুত্র।

মঙ্গলবার (৮জুন) দুপুরে ফতুল্লার ধর্মগঞ্জ ঢালিপাড়া এলাকায় অভিযান চালিয়ে অপহৃত কিশোরীকে উদ্বার করে।

এর আগে কিশোরীর মা বাদী হয়ে অপহরনের অভিযোগ এনে গ্রেফতারকৃত লিটনসহ অজ্ঞাতনামা আরো কয়েকজনকে আসামী করে ফতুল্লা মডেল থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছিলেন।

বাদীর লিখিত অভিযোগ থেকে জানা যায়, তার কিশোরী মেয়ে বিগত ৪/৫ মাস ধরে পঞ্চবটী প্রেমরোডস্থ স্বপনের হোসীয়ারীতে কাজ করে আসছিলো। হোসীয়ারীতে যাতায়াতকালে বখাটে লিটন প্রায় সময় তার মেয়েকে উত্যক্ত সহ প্রেম নিবেদন করতো। বিষয়টি তার মেয়ে তাদের নিকট অবগত করে। পরবর্তীতে বাদী ও তার স্বামী উত্যক্তকারী লিটনকে তার মেয়েকে বিরক্ত না করার জন্য অনুরোধ করে। এতে করে লিটন আরো বেশী ক্ষিপ্ত হয়ে উঠে। চলতি মাসের ৩ তারিখ সকাল সাড়ে আটটার দিকে তার মেয়ে তাদের ধর্মগঞ্জের ঢালিপাড়াস্থ মুন্সিবাড়ীর বাসা থেকে কাজের উদ্দেশ্যে বের হয়ে হোসিয়ারীতে যাওয়ার পথে মধ্যঢালী পাড়াস্থ ব্রিজের ঢালে পৌছা মাত্র বখাটে লিটনসহ অজ্ঞাতনামা আরো একাধিকজন জোড়পূর্বক একটি সিএনজিতে করে অজ্ঞাতনামা স্থানে অপহরণ করে নিয়ে যায়। পরবর্তীতে একই দিন দুপুর সাড়ে ১২ টার দিকে লিটন বাদীর বড় মেয়ের মোবাইল নাম্বারে ফোন করে জানায় যে, তার মেয়ে লিটনের হেফাজতে রয়েছে। এবিষয়ে বেশী বাড়াবাড়ি করলে তার মেয়েকে হত্যা করা হবে বলেও হুমকী প্রদান করে।

এ বাপারে ফতুল্লা মডেল থানার অফিসার ইনচার্জ রকিবুজ্জামান জানান, কিশোরীকে অপহরণের অভিযোগ পেয়ে উদ্ধার অভিযানে নামে পুলিশ। মঙ্গলবার দুপুরে অপহৃত কিশোরীকে উদ্বারসহ অপহরণকারী লিটনকে গ্রেফতার করা হয়। বাদীর লিখিত অভিযোগটি মামলা হিসেবে গ্রহণ করা হয়েছে। এদিকে কিশোরীকে মেডিকেল পরীক্ষার জন্য হাসপাতালে পাঠানো হয়েছে।”