সন্তান হত্যার অভিযুক্ত সেই মায়ের লাশ উদ্ধার!

স্টাফ রিপোর্টার, প্রেসবাংলা: গত ৩০ মে নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে নাজমুছ সাকিব নাবিল (২০) নামে এক মাদ্রাসা ছাত্রের মৃত্যু হয়েছে। ছেলেকে হত্যার অভিযোগ এনে নিজের স্ত্রী নাছরিন আক্তারকে আসামী করে একটি হত্যা মামলাও দায়ের করেছিলেন নিহত নাবিলের বাবা ব্যাংক কর্মকর্তা সগির আহমেদ। এ অভিযোগের পর থেকে নিহত নাবিলের মা নাছরিন আক্তারের কোন খোজ পাওয়া যাচ্ছিল না।
সোমবার মধ্যেরাতে নরসিংদীর একটি আবাসিক হোটেলের কক্ষ থেকে নাছরিনের ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। তবে ওই নারী হোটেলের রেজিস্টারে তার নাম রেহানা আক্তার উলেখ্য করেছিলেন বলে জানিয়েছেন পুলিশ। পুলিশ জানায়, নরসিংদী শহরের বাজিড়মোড়ের নিরালা নামক আবাসিক হোটেল থেকে এক নারীর লাশ উদ্ধার করে সদর মডেল থানা পুলিশ।
গত ৩০ মে রোববার সন্ধ্যায় একাই নিরালা হোটেলের একটি কক্ষ ভাড়া নেন ওই নারী। এ সময়ে হোটেল রেজিস্ট্রারে তার নাম ঠিকানা লেখা হয় রেহানা আক্তার (৩০), পরদিন দুপুর পর্যন্ত কোন সাড়া শব্দ না পেয়ে হোটেল কর্তৃপক্ষ পুলিশ খবর দিলে তারা এসে দরজা ভেঙ্গে ভেতরে ঢুকে জানালার গ্রিলের সাথে ওই নারীর ঝুলন্ত লাশ দেখতে পান। পরে লাশটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নরসিংদী সদর হাসপাতাল মর্গে পাঠায় পুলিশ।
এ বিষয়ে সিদ্ধিরগঞ্জ থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মশিউর রহমান বলেন, সোমবার দিবাগত রাত ১টায় নরসিংদীতে এক নারীর উদ্ধারের খবর পাই। বাবার নাম ও চেহারায় মিল পেয়েছি আমরা। লাশ শনাক্ত করতে থানা থেকে পুলিশ পাঠিয়েছি।











