সোনারগাঁয়ে ট্রাক চাপায় দুই মোটরসাইকেল আরোহী নিহত

নারায়ণগঞ্জ প্রতিনিধি, প্রেসবাংলা২৪.কম: ঢাকা-চট্রগ্রাম মহাসড়কের নারায়ণগঞ্জের সোনারগায়ে ট্রাক চাপায় দুই মোটরসাইকেল আরোহীর মৃত্যু হয়েছে।
মঙ্গলবার রাতে উপজেলার মোগরাপাড়া ইউনিয়নের সাদিপুর পল্লী বিদ্যুৎ পাওয়ার স্টেশন এলাকায় এ ঘটনা ঘটে।
নিহতরা হলেন, সিলেটের হবিগঞ্জের বেকিটেক আশারা গ্রামের মৃত ছোরত আলীর ছেলে ছায়েদ মিয়া (৩০) ও একই এলাকার মৃত করম আলীর ছেলে রহমত আলী (৩৭)।
কাঁচপুর হাইওয়ে থানা পুলিশ নিহতদের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতাল মর্গে পাঠিয়েছেন।
কাঁচপুর হাইওয়ে থানার ওসি মনিরুজ্জামান জানান, মঙ্গলবার রাত সাড়ে ১০ টার দিকে মোটরসাইকেল যোগে ছায়েদ মিয়া ও রহমত আলী কুমিল্লার দিক থেকে ঢাকার দিকে যাচ্ছিল। পথে মোগড়াপাড়ার সাদিপুর এলাকার পল্লী বিদ্যুত পাওয়ার স্টেশনের সামনে উল্টো পথে বেপরোয়া গতিতে আসা একটি ট্রাক (ট-১৪-৮২০৭) ওই মোটরসাইকেলকে ধাক্কা দিলে দুই মোটরসাইকেল আরোহী ট্রাকের নিচে পরে যায়। এতে ঘটনাস্থলেই তাদের মৃত্যু হয়। ট্রাকটি আটক করা হলেও চালক হেলপার পালিয়ে যায়। এ বিষয়ে আইনগত ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে।











