জুয়ার আসরের সংবাদ প্রকাশ করায় সাংবাদিক সুমনের উপর সন্ত্রাসী হামলা

নাছির উদ্দিন আবির, প্রেসবাংলা২৪.কম: জুয়ার আসর ও জুয়ারীদের সম্পর্কে সংবাদ প্রকাশ করায় গাইবান্ধায় কেটিভি বাংলার জেলা প্রতিনিধি ‘সাংবাদিক সুমন মন্ডলে’র উপর বর্বরোচিত হামলা চালিয়েছে সন্ত্রাসীরা।
গুরুতর আহত অবস্থায় ‘সাংবাদিক সুমন মন্ডল’ কে গাইবান্ধা জেলা সদর হাসপাতালে ভর্তি করা হয়। এ ঘটনায় জেলার গণমাধ্যমকর্মীরা নিন্দা জানিয়ে ক্ষোভ প্রকাশ করেছেন। দ্রুত হামলাকারীদের গ্রেফতার ও আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির দাবী জানিয়ে স্থানীয় পুলিশ প্রশাসন ও আইন শৃংখলাবাহিনীর প্রয়োজনীয় হস্তক্ষেপ কামনা করেছেন স্থানীয় গণমাধ্যমকর্মীরা।
এদিকে হামলাকারীদের শাস্তি নিশ্চিত করতে বৃহত্তর আন্দোলনের প্রস্তুতি নিয়েছে গাইবান্ধা জেলার সাংবাদিক সমাজ।
জানা যায়, সকাল ১১ টা নাগাদ ‘সাংবাদিক সুমন মন্ডল’ গাইবান্ধা সদর উপজেলার বালুয়া থেকে শহরের দিকে আসার সময় ৪ জন সন্ত্রাসী মটরসাইকেল আটকিয়ে প্রকাশ্যে লাঠি দিয়ে মারপিট ও মটর সাইকেল ভাংচুর করে। গুরুতর আহত অবস্থায় আহত ‘সুমন মন্ডল’কে গাইবান্ধা জেলা হাসপাতালে ভর্তি করা হয়।
আহত ‘সুমন মন্ডল’ কেটিভি বাংলার পাশাপাশি রংপুর সংবাদ ও দৈনিক জাগো জনতার গাইবান্ধা জেলা প্রতিনিধি। এ ব্যাপারে গাইবান্ধা সদর থানার ওসি মাহফুজুর রহমান অভিযুক্তদের বিরুদ্ধে দ্রুত ব্যবস্থা গ্রহণের আশ্বাস দেন।











