আমলাপাড়া গার্লস স্কুলে ডেঙ্গু প্রতিরোধে সচেতনতামূলক প্রচারণা ও পরিচ্ছন্নতা অভিযান

প্রেসবাংলা ২৪. কম : “নিজ আঙিনা পরিষ্কার রাখি, ডেঙ্গুমুক্ত নারায়ণগঞ্জ গড়ি”— এই স্লোগানকে সামনে রেখে নারায়ণগঞ্জ শহরের আমলাপাড়া গার্লস স্কুলে ডেঙ্গুসহ মশাবাহিত রোগ প্রতিরোধে ব্যাপক পরিচ্ছন্নতা অভিযান ও সচেতনতামূলক প্রচারণা অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (১২ সেপ্টেম্বর) সকালে বিদ্যালয় প্রাঙ্গণে এ সচেতনতামূলক কার্যক্রমের আয়োজন করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের (নাসিক) প্রশাসক অ্যাডভোকেট সাখাওয়াত হোসেন খান। উপস্থিত ছিলেন বিদ্যালয়ের গভর্নিং বোর্ডের সভাপতি অ্যাডভোকেট আবু আল ইউসুফ খান টিপু।
অনুষ্ঠানে বক্তারা ডেঙ্গু প্রতিরোধে সবাইকে নিজ নিজ বসতবাড়ি ও স্কুলের আশপাশ পরিষ্কার-পরিচ্ছন্ন রাখার আহ্বান জানান। বিশেষ করে জমে থাকা পানি যাতে মশার প্রজননকেন্দ্রে পরিণত না হতে পারে, সে বিষয়ে শিক্ষার্থীদের সচেতন করা হয়।
প্রচারণা শেষে বিদ্যালয়ের শিক্ষার্থী, শিক্ষক ও অতিথিরা সচেতনতামূলক ব্যানার নিয়ে একটি র্যালিতে অংশ নেন এবং মশা নিধন ও পরিচ্ছন্নতা অভিযানে যুক্ত হন। অনুষ্ঠানে বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থীসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।











