না‘গঞ্জে ফুটপাত দখল নিয়ে পুলিশ হকারদের সংঘর্ষ, বিক্ষোভ সড়কে আগুন

না‘গঞ্জে ফুটপাত দখল নিয়ে পুলিশ হকারদের সংঘর্ষ, বিক্ষোভ সড়কে আগুন

নারায়ণগঞ্জ প্রতিনিধি, প্রেসবাংলা২৪.কম: নারায়ণগঞ্জের হকারদের নেতা আসাদুজ্জামানকে আটক করা হয়েছে গুজবে পুলিশ হকারদের মধ্যে দফায় দফায় ধাওয়া পাল্টা ধাওয়া সংঘর্ষের ঘটনা ঘটেছে। এসময় হকাররা রাস্তায় অবস্থান করে আগুন ধরিয়ে বিক্ষোভ করে রাজপথ উত্তাল করে তোলে। পরে পুলিশ হকারদের লাঠিচার্জ করে ছত্রভঙ্গ করে দেয়। এতে করে বঙ্গবন্ধু সড়কে প্রায় আধা ঘণ্টা যান চলাচল বন্ধ থাকায় তীব্র যানজট দেখা দেয়।
রোববার (৭মার্চ) সন্ধ্যা থেকে কয়ে রাত পর্যন্ত শহরের চাষাঢ়ায় দফায় সংঘর্ষ ও বিক্ষোভ হয়।
জানা গেছে, হকারদের ফুটপাতে বসার দাবীতে গত কয়েকদনি ধরেই বিক্ষোভ করে আসছে হকারদের একটি অংশ। রোববার বিকেলে তারা শহরে বিক্ষোভ মিছিল করে। পরে সন্ধ্যা সাড়ে ৬টায় হকারদের একটি অংশ আবারো ফুটপাত দখল করার চেষ্টা করে। ওই সময়ে পুলিশ তাদের বাধা দিয়ে সরিয়ে দেয়। মৃদু লাঠিচার্জও করে। তখন হকার নেতা আসাদুজ্জামান আসাদকে আটক করা হয়েছে খবর ছড়িয়ে পড়লে হকাররা ক্ষুব্ধ হয়ে উঠে। এর জের ধরে হকাররা বঙ্গবন্ধু সড়কে মর্ডান ডায়াগনস্টিক সেন্টারের সামনে যান চলাচল বন্ধ করে দেয়। তারা সড়কের মধ্যে অবস্থান নিয়ে বিক্ষোভ দেখাতে থাকে। পুলিশ খবর পেয়ে সেখান থেকে হকারদের সরিয়ে দিলে তারা উল্টো চড়াও হয়। পুলিশকে মারধর করার চেষ্টা করে। একপর্যায়ে হকাররা রাস্তায় অবস্থান করে রাস্তা আগুন ধরিয়ে বিক্ষোভ করে।
এদিকে অভিযোগ উঠেছে সরকার দলীয় নেতাদের ছত্রছায়ায় হকারদের নেতা আসাদুজ্জামান নিজের সার্থ হাসিল করতে ফুটপাত দখল করার ইস্যু নিয়ে মেয়র আইভীকে কোনঠাসা করতে শহরে অরাজকতা সৃষ্টি করছে হকাররা। গত কয়েকদিনে ফুটপাতে হকার বসতে হকাররা আন্দোলন করে আসছে। আর পুলিশ হকারদের নিয়ে চোর পুলিশ খেলা করছে। এতে করে নগরবাসীর মধ্যে বিরুপ প্রতিক্রিয়া সৃষ্টি হয়।
নারায়ণগঞ্জ সদর মডেল থানার ওসি শাহ জামান বলেন, ‘হকাররা নিষেধাজ্ঞা উপেক্ষা করে ফুটপাত দখল করার চেষ্টা করলে তাদের সরিয়ে দেওয়া হয়। তারা রাস্তায় আগুন ধরিয়ে বিক্ষোভ করে। পরে পুলিশ সেখানে গিয়ে আগুন নিভিয়ে ফেলা হয়। হকাররা অবৈধ ভাবে ফুটপাত দখল করার পায়তারায় শহরকে অশান্ত করার চেষ্টা করছে। কোনভাবেই হকারদের ফুটপাত দখল করে মানুষের চলাচলকে ব্যাঘাত করতে দেওয়া হবে না।’