সীমান্তে যেকোন মৃত্যুই দুঃখজনক: জয়শঙ্কর

প্রতিবেদক, প্রেসবাংলা২৪.কম: ঢাকায় রাষ্ট্রীয় সফরে এসে ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর বলেন, সীমান্তে যেকোনো মৃত্যুই দুঃখজনক। আমাদের বুঝতে হবে সমস্যাটা কেন হচ্ছে। সীমান্তে প্রাণহানির মূল কারণ অপরাধমূলক কর্মকাণ্ড।
বৃহস্পতিবার (৪ মার্চ) ঢাকায় রাষ্ট্রীয় অতিথি ভবন পদ্মায় পররাষ্ট্রমন্ত্রী এ কে আব্দুল মোমেনের সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠকের পর এক সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন।
তিনি আরও বলেন, ‘যেটাকে আমরা সীমান্ত হত্যা বলি, মূলত অনেকগুলো মৃত্যু হয় ভারতের বহু ভেতরে। পররাষ্ট্রমন্ত্রী (মোমেন) ও আমি এ ব্যাপারে আলোচনা করেছি, যেভাবে প্রতিবেশী ও বন্ধুর সঙ্গে আলোচনা হওয়া দরকার।’
বাংলাদেশের স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উপলক্ষে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সফর চূড়ান্ত করতে বৃহস্পতিবার সকালে ঢাকায় পৌঁছেন জয়শঙ্কর। বেলা সাড়ে ১১টার দিকে রাষ্ট্রীয় অতিথি ভবন পদ্মায় তিনি পররাষ্ট্রমন্ত্রী এ কে আব্দুল মোমেনের সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠকে বসেন।











