না’গঞ্জে পাসপোর্ট বানাতে গিয়ে রোহিঙ্গা নারীসহ ২জন গ্রেফতার

ষ্টাফ রিপোর্টার, প্রেসবাংলা২৪.কম: নারায়ণগঞ্জ জেলার ফতুল্লায় বাংলাদেশী পরিচয়ে পাসপোর্ট তৈরী চেষ্টার অভিযোগে এক রোহিঙ্গা নারীসহ ২ জনকে গ্রেফতার করেছে র্যাব -১১।
৩ মার্চ (মঙ্গলবার) গণমাধ্যমকে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায় র্যাব-১১।
বিজ্ঞপ্তিতে বলা হয়, গোপন সংবাদের ভিত্তিতে ২ মার্চ বিকালে ফতুল্লার নারায়ণগঞ্জ আঞ্চলিক পাসপোর্ট অফিসের সামনে থেকে তাদের গ্রেফতার করা হয়। এ সময় র্যাব বিশেষ অভিযান পরিচালনা করে মিথ্যা পরিচয়ে বাংলাদেশী পাসপোর্ট তৈরী চেষ্টার অভিযোগে রোহিঙ্গা নারীসহ ২ জনকে হাতে-নাতে গ্রেফতার করে।
গ্রেফতারকৃতরা হলো মোঃ সুমন (৩২) নুর তাজ (১৮)। এসময় তাদের কাছে ১টি ভূয়া জাতীয় পরিচয়পত্র, ১টি ভূয়া জন্ম নিবন্ধন, ১টি পাসপোর্টের আবেদন ফরম ও ১টি মোবাইল উদ্ধার করা হয়। গ্রেফতারকৃত আসামী মোঃ সুমন এর বাড়ী বরিশাল জেলার গৌরনদী থানাধীন বাসুদিপাড়া ও নুর তাজ দীর্ঘদিন ধরে ঢাকার সবুজবাগ এলাকায় বসবাস করে আসছে।
নুর তাজ জানায়, সে টেকনাফে বাস্তুচ্যুত (রোহিঙ্গা) ক্যাম্পে তার পালিত মা আমেনার কাছে থাকে। তার সহযোগী পাসপোর্টের দালাল মোঃ সুমন এর সহায়তায় নারায়ণগঞ্জের আঞ্চলিক পাসপোর্ট অফিসে বিদেশে যাওয়ার জন্য পাসপোর্ট তৈরী করার নিমিত্তে আবেদন করে। তার কোন পিতা-মাতা নাই। কিন্তু নুর তাজের কাছ থেকে জব্দকৃত আলামত পর্যালোচনা ও প্রাথমিক অনুসন্ধানে জানা যায়, তার বাবার নাম সাদিক যিনি বর্তমানে অস্ট্রেলিয়ায় বসবাস করছে। নুর তাজ তার মা শারমিন এবং দুই ভাই আনোয়ার হোসেন ও পরেশ সাদিক’দের সাথে ঢাকার মুগদা এলাকায় ৪ বছর যাবৎ একটি ভাড়া বাসায় থাকে। তারও পূর্বে বেশ কয়েকবার তারা নারায়ণগঞ্জের জালকুড়ি এলাকায় বসবাসরত ছিল। সে রোহিঙ্গা হয়েও বাংলাদেশী নাগরিক হিসেবে পরিচয় দিয়ে তার মায়ের নামে জাতীয় পরিচয়পত্র, তার ভাই আনোয়ার হোসেনের নামে পাসপোর্ট তৈরী এবং গ্রেফতারকৃত নুর তাজ ২০২০ সালে জন্ম সনদপত্র তৈরী করে তার মায়ের জাতীয় পরিচয়পত্র ব্যবহার করে পাসপোর্ট তৈরী করে আসছিল।
গ্রেফতারকৃত আসামী মোঃ সুমন ঢাকার মতিঝিল এলাকায় ট্রাভেল এজেন্সীতে চাকুরীর আড়ালে পাসপোর্ট, জন্ম সনদ ও জাতীয় পরিচয়পত্র তৈরীতে সহায়তা করে তাদের কাছ থেকে মোটা অঙ্কের টাকা হাতিয়ে নেয়।











