সিদ্ধিরগঞ্জে ওয়াকফ্ স্টেটের সম্পত্তি দখলের অভিযোগ

সিদ্ধিরগঞ্জ প্রতিনিধি, প্রেসবাংলা২৪.কম: নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে আদালতের নিষেধাজ্ঞা অমান্য করে আজগর হাজী ওয়াক্ফ স্টেটের সম্পত্তি জোরপূর্বক দখলে নেওয়ার অভিযোগ উঠেছে হাজী কামাল উদ্দিন গংদের বিরুদ্ধে।
শনিবার (১৩ ফেব্রুয়ারী) দুপুরে সিদ্ধিরগঞ্জের মিজমিজি দক্ষিণ পাড়া এলাকায় আজগর হাজী ওয়াক্ধসঢ়;ফ স্টেট এর একটি জমিতে মৃত মিয়া চাঁন হোসেনের ছেলে কামাল উদ্দিনের নেতৃত্বে ২০-২৫ জনের একটি সন্ত্রাসী বাহিনী নিয়ে জোরপূর্বক সাইনবোর্ড লাগিয়ে নিজ দখলে নেয়ার চেষ্টা
করে। এ ঘটনার পর ওই এলাকার মসজিদ কমিটি পুলিশকে অবহিত করলে সিদ্ধিগরঞ্জ থানা পুলিশের উপ-পরিদর্শক (এসআই) রিপন খন্দকার ঘটনাস্থল পরিদর্শন করেন।
খোঁজ নিয়ে জানা যায়, সিদ্ধিরগঞ্জ ও জালকুড়ি দুটি মৌজায় বাইশটি দাগে ৫৬২ শতাংশ জমি আজগর হাজী ওয়াক্ফ স্টেটের। যার ওয়াক্ফ তালিকাভূক্ত স্মারক ইসি নম্বর-১৮২৫৪। আজগর হাজির মৃত্যুর পর বর্তমান বাজারে প্রায় শতকোটি টাকার এই জমি ওয়াক্ফ কর্তৃপক্ষের যোগসাজশে তিনজন মুতওয়াল্লী ও আজগর হাজির ওয়ারিশগং সত্য তথ্য গোপন করে বিক্রি করে দেয়। জমি উদ্ধার করার জন্য ওয়াক্ফ কর্তৃপক্ষসহ সরকারি বিভিন্ন দফতরে লিখিত আবেদন করার পরও কোন প্রতিকার হচ্ছেনা। জমি উদ্ধারের আবেদন করার পর থেকেই জমি বিক্রিকারী চক্র বিভিন্ন হুমকি ধমকি ও ভূয়া কাগজপত্র নিয়ে বিভ্রান্ত সৃষ্টি করার ষড়যন্ত্রে লিপ্ত হয়েছে। আরো জানা যায়, সম্প্রতি ওই সম্পত্তির দাবিদার হাজী মো: কামাল উদ্দিন নারায়ণগঞ্জ অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেটের আদালতে নালিশী সম্পত্তি নিয়ে একটি মোকদ্দমা করলে গত বছরের ২৯ ডিসেম্বর আদালত ওই সম্পত্তিতে কোনো প্রকার স্থাপনা নির্মাণ, আকার আকৃতি পরিবর্তন না করা ও মামলা নিষ্পত্তি না হওয়া পর্যন্ত উভয় পক্ষের মধ্যে স্থিতাবস্থা বজায় রাখার জন্য সিদ্ধিরগঞ্জ থানা পুলিশের পরিদর্শককে ( তদন্ত) বলার আদেশ দেন। কিন্তু আদালতকে অবমাননা করে শনিবার (১৩ ফেব্রুয়ারী) দুপুরে কামাল উদ্দিনগং ২০-২৫ জনের এক লাঠিয়াল বাহিনী দিয়ে নালিশী সম্পত্তিতে সাইনবোর্ড লাগিয়ে দখল করে।
এদিকে এলাকাবাসীর অভিযোগ, হাজী মো: কামাল উদ্দিন আজগর হাজী ওয়াক্ফ স্টেট এর সম্পত্তির দাবিদার উল্লেখ করে নিজেই আদালতে মামলা করেছেন। আদালত মামলা নিষ্পত্তি না হওয়া পর্যন্ত কোনো প্রকার স্থাপনা নির্মাণ ও উভয় পক্ষের মধ্যে স্থিতাবস্থা বজায় রাখার জন্য নির্দেশ দেন। কিন্তু কামাল উদ্দিনগং আদালতের সেই নির্দেশনা অমান্য করে উক্ত জমিতে জোরপূর্বক সাইনর্বোড স্থাপন করেন। যার ফলে যেকোন সময় বড় ধরনের সংঘাতের সৃষ্টি হতে পারে বলে ধারণা করেন এলাকাবাসী।
এ বিষয়ে সিদ্ধিরগঞ্জ থানার পরিদর্শক (তদন্ত) শরীফ আহমেদ বলেন, ওই সম্পত্তি নিয়ে দুইপক্ষের বিবাদের বিষয়টি তার নজরে আছে। মামলা তদন্তাধীন রয়েছে। তবে আদালতের নিষেধাজ্ঞা অমান্য করে সাইনবোর্ড লাগিয়ে জমি দখলের বিষয়ে তিনি সুস্পষ্ট কোনো বক্তব্য দেননি।











