না’গঞ্জের বরণ্যে লেখক ও সংগঠক মোহাম্মদ ইসহাক আর নেই

নগর প্রতিনিধি, প্রেসবাংলা২৪ডটকম: নারায়ণগঞ্জের বরণ্যে লেখক ও সংগঠক মোহাম্মদ ইসহাক আর নেই। বৃহস্পতিবার (১৯ ডিসেম্বর) ভোরে রাজধানীর একটি হাসপাতালে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন (ইন্না লিল্লাহে .. রাজেউন)। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭৭ বছর। কয়েকমাস যাবত তিনি শারিরিক দূর্বলতাজনিত রোগে ভুগছিলেন।
মৃত্যুকালে তিনি স্ত্রী, তিন কন্যা; লাফিফা, আরিফা, মারুফা ও একপুত্র সোলায়মান সহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।
বৃহস্পতিবার বাদ জোহর নগরীর আমলাপাড়ায় তাঁর নামাজে জানাজা শেষে তাকে মাসদাইর কবরস্থানে দাফন করা হয়।
জানাজা শেষে তার মরদেহ চাষাড়া সুধীজন পাঠাগারের সামনে রাখা হয়। সেখানে নগরীর বিশিষ্ট নাগরিক ও সংগঠনের নেতারা তাকে শেষ শ্রদ্ধা জানান।
মোহাম্মদ ইসহাক নারায়ণগঞ্জের পাঠাগার আন্দোলনের জনক। নারায়ণগঞ্জের অন্যতম সুধীজন পাঠাগারের অন্যতম প্রতিষ্ঠাতা তিনি। শুধু তাই নয়, ২০১০ সালে দেশে বেসরকারীভাবে প্রতিষ্ঠিত গ্রন্থাগারগুলো নিয়ে গঠিত সংগঠন- বাংলাদেশ বেসরকারি গণগ্রন্থাগার সমিতি’র প্রতিষ্ঠাতা সভাপতিও।
ব্যক্তিজীবনে অত্যন্ত বিনয়ী ও মিষ্টভাষী মোহাম্মদ ইসহাক ১৯৪২ সালে নগরীর আমলাপাড়ায় এলাকায় জন্মগ্রহণ করেন। ১৯৭১ সালে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে বাণিজ্যে স্নাতকোত্তর ডিগ্রী লাভ করেন। কিন্তু তার লেখালেখির শুরু ষাটের দশক থেকেই। ষাটের দশকে দৈনিক আজাদ, ইত্তেফাক, পূর্বদেশ, সংবাদ ও পয়গাম, সিনে সাপ্তাহিক চিত্রালী, মাসিক সচিত্র সন্ধানী ইত্যাদি পত্র-পত্রিকায় অনিয়মিত গল্প ও প্রবন্ধ লিখতেন। স্বাধীনতা উত্তরকালে নারায়ণগঞ্জ থেকে প্রকাশিত প্রথম সাপ্তাহিক পত্রিকা ‘বঙ্গকণ্ঠ’-এর নির্বাহী সম্পাদক ছিলেন।
১৯৬২ থেকে ১৯৬৬ সাল পর্যন্ত দৈনিক মর্নিং নিউজ এর সংবাদদাতা ছিলেন।
বাংলাদেশে বেসরকারী উদ্যোগে প্রতিষ্ঠিত সর্ববৃহৎ পাঠাগার ‘সুধীজন পাঠাগার’-এর প্রতিষ্ঠাতা সদস্য। তার সম্পাদনায় ‘সুধী’ নামে একটি সাহিত্য পত্রিকা সুধীজন পাঠাগার থেকে প্রকাশিত হয়। ১৯৮৭ সালে সুধীজন পাঠাগার থেকে প্রকাশিত ‘নারায়ণগঞ্জের ইতিহাস’ গ্রন্থের একজন সহযোগী লেখক।
পরবর্তীতে তিনি মুদ্রণ শিল্পের সাথে জড়িয়ে পড়েন। বিচিত্রা অফসেট প্রিন্টার্স নামের একটি প্রতিষ্ঠান গড়ে তোলেন। ১৯৯১ সালে তিনিই সর্বপ্রথম নারায়ণগঞ্জে অফসেট প্রেস ও কম্পিউটার কম্পোজ সিস্টেম চালু করেন। ২০০৫ সালে প্রবীণ শিক্ষাবিদ, নারায়ণগঞ্জ অঞ্চলের উচ্চশিক্ষার পথিকৃৎ অধ্যক্ষ খগেন্দ্রনাথ চক্রবর্তী স্মরণে প্রকাশিত স্মারকগ্রন্থের সম্পাদক। এ যাবত তাঁর ৫টি গ্রন্থ প্রকাশিত হয়েছে।











