নগর বিএনপি নেতা এড. সাখাওয়াত গ্রেফতার

নগর প্রতিনিধি, প্রেসবাংলা২৪ডটকম: মহানগর বিএনপির সিনিয়র সহসভাপতি এড. সাখাওয়াত হোসেন খানকে গ্রেফতার করেছে সদর মডেল থানা পুলিশ। বৃহস্পতিবার (১৯ ডিসেম্বর) ভোরে শহরের নিজ বাসা থেকে তাকে গ্রেফতার করা হয়েছে।
বিষয়টি নিশ্চিত করে সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আসাদুজ্জামান বলেন, বিজয় দিবসে পুলিশের উপর হামলা ও গত পাঁচ মাস আগে সন্ত্রাস দমন আইনে দায়ের করা মামলায় তাকে ভোরে গ্রেফতার করা হয়েছে।
গত সোমবার বিজয় দিবসের র্যালিতে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার মুক্তির দাবিতে শ্লোগান দেয়ায় বাধা দেয় পুলিশ। এ সময় পুলিশের উপর চড়াও হয় বিএনপির নেতাকর্মীরা। এক পর্যায়ে হেনস্তা ও মারধরের শিকার হন নারায়ণগঞ্জ সদর মডেল থানার পরিদর্শক (তদন্ত) জয়নাল আবেদীন ও উপপরিদর্শক (এসআই) সাইফুল ইসলাম। এ ঘটনায় রাতে বিশেষ ক্ষমতা আইনে সদর মডেল থানায় মামলা করেন এসআই সাইফুল। মামলায় জেলা বিএনপির সভাপতি কাজী মনিরুজ্জামান মনির, মহানগর বিএনপির সহসভাপতি এড. সাখাওয়াত হোসেন খান, মহানগর যুবদলের সভাপতি মাকছুদুল আলম খোরশেদসহ এজাহারনামীয় ১৯ জন এবং অজ্ঞাত আরও ৩০০ জনকে আসামি করা হয়েছে। এ মামলায় গ্রেফতার জেলা বিএনপির সাধারণ সম্পাদক অধ্যাপক মামুন মাহমুদ ও মহানগর বিএনপির সাধারণ সম্পাদক এটিএম কামালসহ সাতজন কারাগারে রয়েছেন।
এদিকে এই মামলায় গত বুধবার হাইকোর্ট থেকে চার সপ্তাহের আগাম জামিন নিয়েছিলেন এড. সাখাওয়াত হোসেন খান।











