আওয়ামী লীগের মিছিলের প্রতিবাদে নারায়ণগঞ্জে জাকির খানের নির্দেশে বিক্ষোভ ও সমাবেশ

প্রেসবাংলা ২৪. কম : আওয়ামী লীগের ঝটিকা মিছিল ও অপতৎপরতার প্রতিবাদে নারায়ণগঞ্জ শহরে তীব্র বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা করেছে নারায়ণগঞ্জ বিএনপি নেতা জাকির খানের অনুসারীরা।
রবিবার (১৩ সেপ্টেম্বর) শহরের প্রধান প্রধান সড়কে এ বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়। মিছিলটি শহরের গুরুত্বপূর্ণ সড়কগুলো প্রদক্ষিণ করে এক প্রতিবাদ সভায় মিলিত হয়।
প্রতিবাদ সভায় বক্তারা বলেন, ফ্যাসিবাদের দোসররা কোনোভাবেই যেন নারায়ণগঞ্জের শান্ত পরিবেশ বিনষ্ট করতে না পারে, সে ব্যাপারে জেলাবাসীকে সজাগ থাকতে হবে। আওয়ামী লীগের যেকোনো বিশৃঙ্খলা ও ষড়যন্ত্র রাজপথে কঠোরভাবে মোকাবিলা করা হবে বলে তারা হুঁশিয়ারি দেন।
সমাবেশে জাকির খানের সমর্থকরা ঘোষণা দেন, জনগণের অধিকার আদায় এবং যেকোনো ধরনের অপশক্তির বিরুদ্ধে তাদের রাজপথের আন্দোলন ও অবস্থান অব্যাহত থাকবে।
এ সময় নারায়ণগঞ্জ মহানগর স্বেচ্ছাসেবক দলের সাবেক ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক ও সাবেক ছাত্রনেতা জিয়াউর রহমান জিয়ার সভাপতিত্বে উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ জেলা যুবদলের সাবেক সহ-সভাপতি পারভেজ মল্লিক, সাবেক নারায়ণগঞ্জ জেলা যুবদলের সহ-সাধারণ সম্পাদক দেলোয়ার হোসেন শাহ্, নারায়ণগঞ্জ মহানগর কৃষক দলের সাংগঠনিক সম্পাদক আলামিন খান, জেলা মৎস্যজীবী দলের সভাপতি এইচ এম হোসেন, নারায়ণগঞ্জ সদর থানা জিসাসের যুগ্ম সম্পাদক সনেট আহমেদ, নারায়ণগঞ্জ জেলা ছাত্রদলের সাবেক যুগ্ম সম্পাদক রাকিব হাসান রাজ, মহানগর মৎস্যজীবী দলের যুগ্ম আহ্বায়ক ঋষিকেশ মন্ডল মিঠু প্রমুখ।











