এমপি আল-আমীনের বক্তব্যের প্রতিবাদে বিক্ষোভ মিছিল

প্রেসবাংলা ২৪. কম : নারায়ণগঞ্জ জেলা ট্রাক, ট্যাংকলরী, কাভার্ডভ্যান শ্রমিক ইউনিয়নের সুনাম ক্ষুন্ন এবং সংগঠনের সাধারণ সম্পাদক সাব্বির আহম্মেদ শহিদের বিরুদ্ধে ৪ আসনের সাংসদ আলআমিন ও একটি স্বার্থবাজ মহলের মিথ্যা, বানোয়াট, ভিত্তিহীন অপপ্রচারের প্রতিবাদে প্রতিবাদ মিছিল অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (১৩ জুলাই) বিকেলে হাটখোলা ব্রিজ সংলগ্ন সড়কে সংগঠনের উদ্যেগে এ কর্মসূচী পালন করা হয়।
প্রতিবাদ মিছিল শেষে এলাকাবাসী ও সংগঠনের পক্ষে সোহেল বলেন, নারায়ণগঞ্জ-৪ আসনের সাংসদ আল-আমীন সাব্বীর আহম্মেদ শহীদকে ডাকাত শহীদ বলে উল্লেখ করে বলেছেন তিনি নাকি তার অত্যাচারে খুবই বিব্রতকর অবস্থার মধ্যে আছেন। ইতিমধ্যে আমরা বিভিন্ন অনলাইন মিডিয়ার মাধ্যমে তার কাছে জানতে চেয়েছি কোথায়, কবে, কোন বাড়িতে সে ডাকাতি করেছে? ডাকাতির প্রেক্ষিতে কোন থানায় অভিযোগ বা মামলা হয়েছে কিনা আপনি সেটার প্রমান দিন। আর যদি না পারেন তাহলে কার শিখানো কথা আপনি বলছেন সেটাও আপনি জানাবেন বলে আমরা আশাকরি। আপনি নারায়ণগঞ্জ-৪ আসনের কর্নধার, যদি আপনার কথার শালিনতা না থাকে তাহলে আমরা সাধারণ মানুষ কোথায় যাবো। এই আসনের এমপি হয়েছেন এর উন্নয়ন করবেন, যদি সিটি কর্পোরেশন করে তাহলে আপনাকে কেনো এমপি বানিয়েছি।
তিনি আরও বলেন, আমি নিজে রাজস্বাক্ষী। নির্বাচনের পূর্বে বিভিন্ন মহলের মাধ্যমে এই শহীদের সাথে একাধিকবার বৈঠক করার চেষ্টা আপনি করেছেন। সেটা না পেরে আপনি মনক্ষুন্ন। এনসিপির কোন কর্মী বাহিনী নেই, দুই একজন লোক দিয়ে চালাচ্ছে। সে মনে করে শহীদকে চাপে রাখতে পারলে তার লোকজন দিয়ে ৪ আসনের বিভিন্ন স্থানে সে কিছু করতে পারবে। এছাড়াও ট্রাক স্ট্যান্ডে শহীদের বিপরীতে একটি কমিটি করতে চেয়েছিলো সেখানেও তারা ব্যর্থ হয়। প্রশাসনের কাছে আমাদের অনুরোধ থাকবে, আপনারা ভালো করে খোঁজ নিন, শহীদ কোথাও কোন চাঁদাবাজী বা কারো উপর অত্যাচার, জুলুম করছে কিনা। যদি সে দোষী হয় আমরা কথা দিচ্ছি তাকে আমরা আইনের হাতে তুলে দিবো।
এসময় নারায়ণগঞ্জ জেলা ট্রাক, ট্যাংকলরী, কাভার্ডভ্যান শ্রমিক ইউনিয়ন সহ কয়েক শতাধিক এলাকাবাসী উপস্থিত ছিলেন।











