নারায়ণগঞ্জে ডেঙ্গু প্রতিরোধে ‘আমরা জুলাই যোদ্ধা’র মানবিক উদ্যোগ

প্রেসবাংলা ২৪. কম : নারায়ণগঞ্জের ডেঙ্গু পরিস্থিতি মোকাবেলা ও রোগীদের স্বাস্থ্যসেবা সহজতর করতে এগিয়ে এসেছে ‘আমরা জুলাই যোদ্ধা’ নারায়ণগঞ্জ জেলা কমিটি। শহরের খানপুর ৫০০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে ভর্তি ও সেবা নিতে আসা সাধারণ মানুষের সুবিধার্থে সংগঠনটির পক্ষ থেকে ২০০০ ডেঙ্গু শনাক্তকরণ কিট প্রদান করা হয়েছে। বুধবার দুপুরে হাসপাতালের তত্ত্বাবধায়ক আবুল বাশারের কাছে আনুষ্ঠানিকভাবে এসব কিট হস্তান্তর করেন সংগঠনের জেলা ও কেন্দ্রীয় নেতৃবৃন্দ।
কিট হস্তান্তর অনুষ্ঠানে বক্তারা মানবিক সংকটে সাধারণ মানুষের পাশে থাকার দৃঢ় অঙ্গীকার ব্যক্ত করেন। সংগঠনের কেন্দ্রীয় নির্বাহী কমিটির সাধারণ সম্পাদক আল মিরাজ জানান, ডেঙ্গুর বর্তমান প্রাদুর্ভাব বিবেচনায় রোগীদের দ্রুত রোগ নির্ণয় ও চিকিৎসার আওতায় আনতেই এই ক্ষুদ্র চেষ্টা। তিনি উল্লেখ করেন, প্রধানমন্ত্রী তারেক রহমানের দিকনির্দেশনায় দেশের উন্নয়ন ও সামাজিক কর্মকাণ্ডে ভূমিকা রাখতে এই কমিটি কাজ করছে এবং ইতোমধ্যে আহত ৭৪ জন জুলাই যোদ্ধাকে প্রধানমন্ত্রীর কার্যালয়ে চাকরি প্রদান করা হয়েছে। ভবিষ্যতে এ ধরনের জনকল্যাণমূলক সেবা কার্যক্রম অব্যাহত থাকবে বলে তিনি আশ্বস্ত করেন।
অনুষ্ঠানে সংগঠনের নারায়ণগঞ্জ জেলা কমিটির উপদেষ্টা মশিউর রহমান রনি বলেন, জুলাইয়ের চেতনা মূলত ফ্যাসিবাদের বিরুদ্ধে গণতন্ত্র, ন্যায়বিচার ও বৈষম্যহীন সমাজ গড়ার শিক্ষা দেয়। সেই আদর্শকে ধারণ করেই জুলাই যোদ্ধারা দেশের সার্বিক উন্নয়নে আত্মনিয়োগ করছে। অন্যদিকে, এই সময়োপযোগী ও মানবিক উদ্যোগের জন্য আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানিয়ে হাসপাতাল তত্ত্বাবধায়ক আবুল বাশার জানান, প্রাপ্ত কিটগুলোর মাধ্যমে হাসপাতালে আসা দরিদ্র ও সাধারণ রোগীরা সম্পূর্ণ বিনামূল্যে এবং দ্রুত ডেঙ্গু পরীক্ষা ও চিকিৎসা সুবিধা পাবেন।
কর্মসূচিতে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি শামান শাহাদাত, সহ-সভাপতি (দপ্তর) শাহাদাত হোসেন, ঢাকা মহানগর দক্ষিণের সিনিয়র যুগ্ম আহ্বায়ক এলাহি এবং নারায়ণগঞ্জ জেলা কমিটির যুগ্ম আহ্বায়ক জহির আহমেদ সোহেল, সুমন, আনিছ, রকিসহ বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।











