টিকটক হৃদয় গ্রুপের ২ সদস্য গ্রেপ্তার

প্রেসবাংলা ২৪.কম (সংবাদ বিজ্ঞপ্তি): আর্ন্তজাতিক নারী পাচারকারী চক্রের ২ সদস্যকে গ্রেপ্তার করেছে র‌্যাব-১১। শুক্রবার (৪ জুন) নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জ এলাকা হতে কুমিল্লার মো. রুবেল সরকার ওরফে রাহুল (৩২), ও খুলনা জেলার মোছা. সোনিয়া (২৫) কে গ্রেপ্তার করা হয়।

র‌্যাব-১১ এর সহকারী পরিচালক এএসপি সম্রাট তালুকদার কর্তৃক স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

জানা যায়, গ্রেপ্তারকৃতদের জিজ্ঞাসাবাদে ও প্রাথমিক অনুসন্ধানে জানা যায় আসামীরা একটি সংঘবদ্ধ আর্ন্তজাতিক নারী পাচারকারী চক্রের সক্রিয় সদস্য। তারা ১৫ থেকে ২৫ বছর বয়সী সুন্দরী তরুনীদের বিদেশে উচ্চ বেতনে চাকুরীর প্রলোভন দেখিয়ে অসামাজিক কার্যকলাপের উদ্দেশ্যে পাচার করে। এই সিন্ডিকেটের সদস্যরা পাচারকৃত নারীদের হোটেলে নিয়ে গৃহবন্দি করে রাখত। বিদেশে অবস্থানকালীন সময়ে এই সকল তরুণীদেরকে কোন অবস্থাতেই নিজের ইচ্ছায় হোটেল তথা বাইরে যেতে দেওয়া হত না। প্রাথমিক অবস্থায় তরুণীরা এ সকল আসামাজিক কর্মকান্ডে লিপ্ত হতে রাজি না হলে বিভিন্ন নেশাজাতীয় দ্রব্য জোরপূর্বক প্রয়োগ করা হত।

সংবাদ বিজ্ঞপ্তিতে আরও জানায়, গ্রেপ্তারকৃত আসামী মো. রুবেল সরকার ওরফে রাহুল ও তার স্ত্রী মোছা. সোনিয়ার সাথে রিফাদুল ইসলাম হৃদয় ওরফে টিকটক হৃদয় সরাসরি যোগাযোগ রয়েছে। এই মানব পাচারকারী চক্রের উপর দীর্ঘদিন যাবৎ র‌্যাব-১১ বিশেষ গোয়েন্দা নজরদারী ছিলো।

গ্রেপ্তারকৃত আসামীদের বিরুদ্ধে আইনানুগ কার্যক্রম প্রক্রিয়াধীন।