বিজয় দিবস উপলক্ষে মুক্তিযোদ্ধাদের শ্যূটিং প্রতিযোগিতা অনুষ্ঠিত
স্টাফ রিপোর্টার, প্রেসবাংলা২৪.কম: নারায়ণগঞ্জ-৫ আসনের সাংসদ একেএম সেলিম ওসমান বলেছেন, আমরা যুদ্ধ করেছিলাম মোটা চাল ও মোটা কাপড়ের জন্য। আজকে সেই বাংলাদেশ চাল ও কাপড় রফতানি করে বৈদেশিক মুদ্রা আয় করছে। এখনও যুদ্ধ শেষ হয় নাই। যুদ্ধ যদি শেষ হয়ে যেত, তাহলে এমন মায়ের ছেলে জন্ম হওয়ার কথা না যে বঙ্গবন্ধুর ভাস্কর্য নিয়ে এরকম ঘটনা ঘটাবে।
মঙ্গলবার (১৫ই ডিসেম্বর) সকালে নারায়ণগঞ্জ রাইফেল ক্লাবে বিজয় দিবস উপলক্ষে মুক্তিযোদ্ধাদের শ্যূটিং প্রতিযোগিতায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
তিনি আরো বলেন, মাঝে মাঝে কিছু কিছু অসভ্য প্রকৃতির লোক মুক্তিযোদ্ধাদেরকে সম্মান দিবেন বলে সম্মানিত করার চেষ্টা করেন। আপনারা খেয়াল করে দেখবেন সে লোকটির সম্মান আছে কিনা। আমার অনুরোধ আপনারা যেকোন জায়গা থেকে সম্মান আনতে যাবেন না। এতে হয়তো আমরা অসম্মানও হতে পারি। যার নিজের সম্মান নাই তার থেকে সম্মান নিবেন না। আপনাদের আল্লাহ ও প্রধানমন্ত্রী অনেক সম্মান দিয়েছে।
সেলিম ওসমান বলেন, সম্মান যদি দিতে হয় সেটা রাইফেল ক্লাবের সভাপতি জেলা প্রশাসক জসিম উদ্দিনকে দিবেন। যার কারণে বছরের পর বছর এখানে সম্মাননা দেওয়া হচ্ছে সেই খালেদ হায়দার খান কাজলকে দিবেন। আমরা তার কাছে কৃতজ্ঞ। এখানে উপস্থিত সকল মুক্তিযোদ্ধাদের আমি ধন্যবাদ জানাই। আপনারা সকলে আমার সহকর্মী, তাই আমাদের মধ্যে যাতে কোন রাজনীতি না থাকে। যদিও আমি একটি দলের পক্ষ থেকে একজন সংসদ সদস্য। কিন্তু আমি রাজনীতিতে বিশ্বাসী না। আমি একজন জনপ্রতিনিধির পাশাপাশি মুক্তিযোদ্ধা।
জেলা প্রশাসক মোঃ জসিম উদ্দিনের সভাপতিত্বে এসময় আরো উপস্থিত ছিলেন, নারায়ণগঞ্জ জেলা পুলিশ সুপার জায়েদুল আলম, বিজিবি নারায়ণগঞ্জ ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্ণেল শরীফ মো. মেহেদী হাসান আল আমিন, সাবেক জেলা মুক্তিযোদ্ধা সংসদের কমান্ডার মোহাম্মদ আলী ও চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির সভাপতি খালেদ হায়দার খান কাজল প্রমুখ।











