বঙ্গবন্ধুর ভাস্কর্য ভাঙ্গার প্রতিবাদে পাবলিক প্রসিকিউটর এর মানববন্ধন
স্টাফ রিপোর্টার, প্রেসবাংলা: কুষ্টিয়ায় জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নির্মাণাধীন ভাস্কর্য ভাঙ্গার প্রতিবাদে এডঃ ওয়াজেদ আলী খোকন এর উদ্যোগে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (১৫ই ডিসেম্বর) দুপুরে নারায়ণগঞ্জ জেলা আদালতপাড়ায় জেলা পাবলিক প্রসিকিউটর এডঃ ওয়াজেদ আলী খোকন এ মানববন্ধনের আয়োজন করেন।
তিনি বলেন, ধর্মান্ধ মৌলবাদী গোষ্ঠী দেশকে তালেবানী রাষ্ট্রে পরিণত করার চেষ্টায় লিপ্ত। তারা চায় না এই দেশ পৃথিবীর বুকে মাথা উঁচু করে দাঁড়াক। ভাস্কর্য তৈরি হলে দেশের জনগণ কাফের হয়ে যাবে, এটা কোন ধরনের কথা? তারা অতীতে যেমন এদেশের স্বাধীনতার বিরোধিতা করেছে, ঠিক তেমনি আজকেও এদেশের মানুষের শান্তি নষ্ট করতে ষড়যন্ত্র করছে।
ওয়াজেদ আলী খোকন আরো বলেন, করোনার প্রভাব থেকে দেশকে মুক্ত রাখতে সরকারী ছুটি চলছে। সারা দেশের স্কুল কলেজ বন্ধ রয়েছে অথচ কাঠ মোল্লারা সরকারী নির্দেশনা অমান্য করে মাদ্রাসায় অবৈধভাবে ছাত্রদেরকে রেখে আন্দোলন করাচ্ছে। যারা এসকল গভীর ষড়যন্ত্রের সঙ্গে জড়িত রয়েছো, তারা সাবধান হয়ে যাও। নইলে আইনের মাধ্যমে কাঠগড়ায় দাঁড় করিয়ে তোমাদের বিচার করা হবে।
এসময় আরো উপস্থিত ছিলেন, নারায়ণগঞ্জ জেলা জজ কোর্টের জিপি মেরিনা বেগম, নারায়ণগঞ্জ জেলা আইনজীবী সমিতির সাবেক সভাপতি ও বাংলাদেশ আওয়ামী লীগের জাতীয় পরিষদের সদস্য এডঃ আনিসুর রহমান দিপু, নারায়ণগঞ্জ জেলা আইনজীবী সমিতির সাবেক সভাপতি এডঃ হাসান ফেরদৌস জুয়েল ও আইনজীবী সমিতির সভাপতি এড. মুহাম্মদ মহসিন মিয়া প্রমুখ।











