নারায়ণগঞ্জে বিদেশি পিস্তল ও হেরোইনসহ গ্রেফতার ২

প্রেসবাংলা ২৪. কম : নারায়ণগঞ্জে অত্যাধুনিক বিদেশি পিস্তল ও হেরোইনসহ মাদক কারবারি ও ছিনতাইকারী চক্রের দুই সদস্যকে গ্রেফতার করেছে পুলিশ। এ সময় ছিনতাইয়ের কাজে ব্যবহৃত একটি মোটরসাইকেলও জব্দ করা হয়েছে।

বৃহস্পতিবার (১৫ অক্টোবর) ভোরে নগরীর ২ নম্বর রেলগেট এলাকা থেকে তাদের গ্রেফতার করা হয়। বিকেলে নিজ কার্যালয়ে সংবাদ সম্মেলনে বিষয়টি নিশ্চিত করেন জেলা পুলিশ সুপার মো. হাবিবুর রহমান।

গ্রেফতার ব্যক্তিরা হলেন সদর উপজেলার ফতুল্লা থানাধীন মাসদাইর বাজার এলাকার এমদাদুল হক (২৭) ও একই থানার চাঁনমারি এলাকার মো. জিহাদ।

পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে ভোর ৪টার দিকে সদর মডেল থানা পুলিশের একটি দল ২ নম্বর রেলগেট এলাকায় চেকপোস্ট বসিয়ে বিভিন্ন যানবাহনে তল্লাশি চালাচ্ছিল। একপর্যায়ে নিবন্ধনবিহীন একটি মোটরসাইকেলের গতিবিধি সন্দেহজনক মনে হলে সেটি থামিয়ে দুই আরোহী এমদাদুল হক ও মো. জিহাদকে তল্লাশি করা হয়।

এ সময় তাদের কাছ থেকে যুক্তরাষ্ট্রের তৈরি একটি অত্যাধুনিক পিস্তল এবং ১৫ হাজার টাকা মূল্যের ৫ গ্রাম হেরোইন উদ্ধার করা হয়। পরে অস্ত্র, মাদক ও মোটরসাইকেলটি জব্দ করে দুজনকে গ্রেফতার করে পুলিশ

সংবাদ সম্মেলনে পুলিশ সুপার মো. হাবিবুর রহমান জানান, প্রাথমিক তদন্ত ও জিজ্ঞাসাবাদে জানা গেছে, গ্রেফতার ব্যক্তিরা দীর্ঘদিন ধরে সদর থানাসহ আশপাশের থানা এলাকায় অবৈধ অস্ত্র ব্যবহার করে মাদক ব্যবসা ও ছিনতাই করে আসছিলেন। তাদের বিরুদ্ধে এর আগেও মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একাধিক মামলার তথ্য রয়েছে।

তিনি আরও জানান, এ ঘটনায় গ্রেফতার দুজনের বিরুদ্ধে অস্ত্র ও মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে পৃথক দুটি মামলা দায়ের করা হয়েছে।