টেকসই উন্নয়নে সরকার ও এনজিওর যৌথ প্রয়াস জরুরি: নারায়ণগঞ্জ সিটি প্রশাসক

প্রেসবাংলা ২৪. কম: সরকার ও বেসরকারি উন্নয়ন সংস্থার (এনজিও) মধ্যে কার্যকর সমন্বয় ও সহযোগিতা জোরদারের লক্ষ্যে নারায়ণগঞ্জে ‘Strengthening the GO-NGO Coordination’ শীর্ষক এক সেমিনার অনুষ্ঠিত হয়েছে।
আজ রবিবার (২০ সেপ্টেম্বর) সকাল সাড়ে ১১টায় নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের সম্মেলন কক্ষে এই সেমিনার অনুষ্ঠিত হয়। সেমিনারটির যৌথ আয়োজন করে অ্যাসোসিয়েশন অব ডেভেলপমেন্ট এজেন্সিজ ইন বাংলাদেশ (ADAB) নারায়ণগঞ্জ জেলা শাখা ও নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের প্রশাসক এডভোকেট মো. সাখাওয়াত হোসেন খান। ADAB নারায়ণগঞ্জ জেলা শাখার চেয়ারম্যান প্রদীপ কুমার দাসের সভাপতিত্বে এবং জেলা সম্পাদক এস এম আরিফ মিহিরের সঞ্চালনায় সেমিনারে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন সিটি কর্পোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা (ইনচার্জ) মো. নূর কুতুবুল আলম, ADAB-এর নির্বাহী পরিচালক এ কে এম জসিম উদ্দিন, সিটি কর্পোরেশনের নগর পরিকল্পনাবিদ মো. মঈনুল ইসলাম এবং প্রধান সমাজকল্যাণ কর্মকর্তা কে এম ফরিদুল মিরাজ।
প্রধান অতিথির বক্তব্যে এড. মো. সাখাওয়াত হোসেন খান বলেন, “সরকার ও বেসরকারি উন্নয়ন সংস্থার মধ্যে কার্যকর সমন্বয় ও সহযোগিতা ছাড়া টেকসই উন্নয়ন সম্ভব নয়। এনজিওগুলো মাঠপর্যায়ে সাধারণ মানুষের সঙ্গে সরাসরি কাজ করে। তাদের মাঠপর্যায়ের অভিজ্ঞতা ও সরকারের উন্নয়ন পরিকল্পনাকে সমন্বিত করতে পারলে জনগণ আরও দ্রুত ও কার্যকর সেবা পাবে।”
নারায়ণগঞ্জের সার্বিক উন্নয়ন প্রসঙ্গে তিনি আরও বলেন, “নারায়ণগঞ্জকে একটি পরিচ্ছন্ন, সুন্দর, আধুনিক ও জনবান্ধব নগরী হিসেবে গড়ে তুলতে সরকারি প্রতিষ্ঠানের পাশাপাশি এনজিও, সামাজিক সংগঠন, জনপ্রতিনিধি ও নাগরিক সমাজকে একযোগে কাজ করতে হবে। উন্নয়ন কর্মকাণ্ডে স্বচ্ছতা, জবাবদিহিতা ও জনগণের অংশগ্রহণ নিশ্চিত করা জরুরি। সরকারের একার পক্ষে সব কাজ করা সম্ভব নয়, তাই প্রত্যেকে নিজ নিজ অবস্থান থেকে দায়িত্বশীল ভূমিকা রাখলে নগরের মানুষের জীবনমান উন্নত করা সম্ভব।”
সেমিনারে ADAB-এর নির্বাহী পরিচালক এ কে এম জসিম উদ্দিন বলেন, “সরকারি ও বেসরকারি সংস্থার সমন্বয় আরও শক্তিশালী করার মাধ্যমে নারায়ণগঞ্জের উন্নয়ন কর্মকাণ্ডকে অধিকতর গতিশীল ও জনকল্যাণমুখী করাই আমাদের মূল লক্ষ্য।”
অনুষ্ঠানে মূল প্রবন্ধ পাঠ করেন ADAB-এর বিভাগীয় সমন্বয়কারী মোঃ নুরুল আমিন স্বপন। আলোচনায় আরও অংশ নেন সংস্থাটির রিসার্চ অ্যান্ড অ্যাডভোকেসি কোঅর্ডিনেটর এস এম সেলিম আক্তার, ADAB সদস্য মোঃ হাবিবুর রহমান, মো. মোজাম্মেল হোসেন লিটন এবং হাজী নাজির খান।
সেমিনারে সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানের মধ্যে প্রাতিষ্ঠানিক সমন্বয় বৃদ্ধি, উন্নয়ন কার্যক্রমের কার্যকর বাস্তবায়ন, স্থানীয় পর্যায়ে মানুষের মৌলিক প্রয়োজন অনুযায়ী সেবা প্রদান এবং টেকসই উন্নয়নের নানা দিক নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়।
উক্ত সেমিনারে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন কাজল বেগম, নুরুল ইসলাম খাঁন, মোশারফ হোসেন, মনিরুল হক মনির, তারেক হোসেন, মোঃ লিটন, ব্র্যাকের জেলা সমন্বয়ক সুমন চৌধুরী, রিকের সুজিত সাহা, ব্লাস্টের সমন্বয়কারী এডভোকেট জেসিকা রহমান, এসএসএস-এর মোশারফ হোসেন, টিএমএসএস-এর সমন্বয়কারী আব্দুল কুদ্দুস, শক্তি ফাউন্ডেশনের এরিয়া সুপারভাইজার মোঃ কামরুল ইসলাম, মানব কল্যাণ পরিষদের কাজী ইমরুল কায়েস, নুসরাত হোসেন নিশু, নুর আলম জয় ও তুলসী ঘোষসহ বিভিন্ন এনজিও প্রতিনিধি ও সুশীল সমাজের সদস্যবৃন্দ।











