সদর উপজেলায় প্রধানমন্ত্রী গোল্ডকাপ ফুটবল আয়োজনের প্রস্তুতি সভা

প্রেসবাংলা ২৪. কম : প্রাইম মিনিস্টার্স গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট-২০২৬ সফলভাবে আয়োজনের লক্ষ্যে নারায়ণগঞ্জ সদর উপজেলায় প্রস্তুতিমূলক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার দুপুরে সদর উপজেলা কার্যালয়ে এ সভা অনুষ্ঠিত হয়। আগামী ৯ সেপ্টেম্বর সারাদেশের সঙ্গে একযোগে টুর্নামেন্টটির উদ্বোধন হওয়ার কথা রয়েছে।
সদর উপজেলায় পাঁচটি ভেন্যুতে টুর্নামেন্টের বিভিন্ন পর্বের খেলা অনুষ্ঠিত হবে। ভেন্যুগুলো হলো—ওসমানী পৌর স্টেডিয়াম, ফতুল্লা পাইলট উচ্চ বিদ্যালয় মাঠ, হাটখোলা উচ্চ বিদ্যালয় মাঠ, চিত্তরঞ্জন উচ্চ বিদ্যালয় মাঠ ও কানাইনগর উচ্চ বিদ্যালয় মাঠ। এসব ভেন্যুতে ৯০টি শিক্ষাপ্রতিষ্ঠানের ৭৮টি বালক ও ১৬টি বালিকা দল অংশ নেবে।
সভায় মাঠ প্রস্তুতি, শিক্ষাপ্রতিষ্ঠানের সমন্বয়, খেলোয়াড়দের অংশগ্রহণ এবং ভেন্যুভিত্তিক দায়িত্ব বণ্টনসহ বিভিন্ন বিষয়ে আলোচনা ও সিদ্ধান্ত নেওয়া হয়।
সভায় প্রধান অতিথি ছিলেন নারায়ণগঞ্জ সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা এস এম ফয়েজ উদ্দিন। তিনি বলেন, শিক্ষার্থীদের পড়াশোনার পাশাপাশি খেলাধুলায় সম্পৃক্ত করা অত্যন্ত গুরুত্বপূর্ণ। প্রাইম মিনিস্টার্স গোল্ডকাপ তাদের প্রতিভা বিকাশের বড় সুযোগ। টুর্নামেন্টটি সুষ্ঠু, সুন্দর ও উৎসবমুখর পরিবেশে সম্পন্ন করতে সংশ্লিষ্ট সবাইকে দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে।
তিনি আরও বলেন, খেলাধুলার মাধ্যমে শিক্ষার্থীদের শারীরিক ও মানসিক বিকাশ ঘটে। তাই টুর্নামেন্টের প্রতিটি ধাপ সুশৃঙ্খলভাবে সম্পন্ন করতে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।
সভায় সদর উপজেলা ক্রীড়া সংস্থার এডহক কমিটির সদস্য সচিব রিয়াদ মোহাম্মদ চৌধুরী, মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা সুরাইয়া আশরাশি, এডহক কমিটির সদস্য ও ক্রীড়াবিদ বিজন কুমার, পাঁচটি ভেন্যুর দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা এবং বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের প্রধান শিক্ষক ও অধ্যক্ষরা উপস্থিত ছিলেন।











