রায় বাস্তবায়ন ও বিচারের দাবি নারায়ণগঞ্জে জামায়াত নেতার

প্রেসবাংলা ২৪. কম : জুলাই গণঅভ্যুত্থানের দ্বিতীয় বার্ষিকী উপলক্ষে আয়োজিত শ্রমিক সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কার্যপরিষদ সদস্য ও নারায়ণগঞ্জ মহানগরীর আমীর মাওলানা মোঃ আবদুল জব্বার বলেছেন, বিগত ২০২৪ সালে ফ্যাসিবাদের জাঁতাকলে পিষ্ট দেশের মানুষের জীবন চরম অনিশ্চয়তার মধ্যে দিয়ে অতিবাহিত হয়েছে।
কিন্তু এ দেশের ওপর যত জুলুম-নির্যাতনই চালানো হোক না কেন, আপামর জনগণ ততটাই তীব্র প্রতিরোধ গড়ে তুলে স্বৈরাচারকে উচ্ছেদ করেছে।
মঙ্গলবার (৪ আগস্ট ) বিকেলে নারায়ণগঞ্জের চাষাড়া সংলগ্ন হকার্স মার্কেট এলাকায় বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন নারায়ণগঞ্জ মহানগরীর উদ্যোগে আয়োজিত সমাবেশে তিনি এসব কথা বলেন।
বক্তব্যে মাওলানা আব্দুল জব্বার ২০২৪ সালের আগস্টের স্মৃতিচারণ করে বলেন, “আগামীকাল ৫ই আগস্ট, আমাদের ঐতিহাসিক দ্বিতীয় বর্ষপূর্তির দিন। কিন্তু তৎকালীন স্বৈরাচারী শাসনের সেই দিনগুলোতে পুরো দেশজুড়ে ছিল গভীর শঙ্কা। স্বৈরাচারী সরকার আকাশ থেকে হেলিকপ্টার উড়িয়ে দেশের সাধারণ মানুষ, আমাদের ভাই-বোন এবং শ্রমজীবী জনতার ওপর নির্বিচারে হত্যাকাণ্ড চালিয়ে আতঙ্ক সৃষ্টি করেছিল। তারা ভেবেছিল দমন-পীড়ন চালিয়ে জনগণকে দমিয়ে রাখা যাবে।”
তিনি আরও যোগ করেন, ফ্যাসিস্ট শক্তি ভুলে গিয়েছিল যে, বাংলাদেশের মানুষের ওপর যতই স্টিম রোলার আর জুলুম-নির্যাতন চালানো হোক না কেন, এ দেশের বীর জনতা তত তীব্র গতিতে সেই জুলুমের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তোলে এবং শেষ পর্যন্ত ন্যায়ের বিজয় ছিনিয়ে আনে।
বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন নারায়ণগঞ্জ মহানগরীর সভাপতি আব্দুল মোমিনের সভাপতিত্বে এবং কেন্দ্রীয় পরিবহন শ্রমিক ফেডারেশনের সভাপতি কবির আহমদের উপস্থিতিতে আয়োজিত উক্ত সমাবেশে বক্তারা জুলাই গণঅভ্যুত্থানের চেতনা অক্ষুণ্ণ রেখে দ্রুত গণভোটের রায় বাস্তবায়ন এবং জুলাই হত্যাকাণ্ডের সঙ্গে জড়িতদের কার্যকর বিচারের দাবি জানান।











