বিএনপি নেতাকে নিয়ে কুরুচিপূর্ণ মন্তব্যের প্রতিবাদে মহানগর বিএনপির বিক্ষোভ মিছিল

বিএনপির চেয়ারপার্সন ও প্রধানমন্ত্রী তারেক রহমানকে নিয়ে কটুক্তি করায় মহানগর বিএনপির উদ্যোগে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (৩ আগষ্ট) বিকেলে নগরীর খানপুর হাসপাতাল সংলগ্ন সড়কের সামনে থেকে এ বিক্ষোভ মিছিল বের করা হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, মহানগর বিএনপির যুগ্ম আহ্বায়ক আবুল কাউছার আশা।

প্রধান অতিথি তার বক্তব্যে বলেন, ৫ তারিখ পরবর্তী সময়ে কিছু অর্বাচিন নেতৃত্ব জাতীয় নেতৃবৃন্দ থেকে শুরু করে যত্রতত্র কুরুচিপূর্ণ মন্তব্য একের পর এক করে আসছে। আমরা এর তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই। রাজনীতিতে মতভেদ ও মত পার্থক্য থাকবে, সেই সাথে রাজনীতিতে শিষ্টাচার বলতে একটি কথা আছে। গত ১৭ বছর এমন শিষ্টাচার বহির্ভূত কথা শুনেছি যার প্রেক্ষিতে দেশের মানুষ ফ্যাসিস্টদের বিরুদ্ধে ফুঁসে উঠেছিলো। এরই ধারাবাহিকতায় কাউকে কুরুচিপূর্ণ বক্তব্য দেওয়া মনে হয় একটি শিল্পে পরিণত করতে চাচ্ছে। এসকল সংগঠনের নেতৃবৃন্দের বিরুদ্ধে কিছু কথা বলতে ইচ্ছে হয় কিন্তু বিবেকের তাড়নায় সেই কথা বলতে পারিনা। কারন জীবনের অনেকগুলো বছর কোর্টের বারান্দায়, জেলাখানার মেঝেতে বসে সুন্দর ভবিষ্যতের পরিকল্পনা তাদের সাথে করেছি।

তিনি আরও বলেন, নাসিরউদ্দিন পাটোয়ারী আপনি বলেছেন বিষয়টি আপনি ব্যক্তিগতভাবে নিয়েছেন। যখন আমাদের মরহুমা আপোষহীন নেত্রীর বিরুদ্ধে কথা বলেন তখন জাতীয়তাবাদে বিশ্বাসী সকল মানুষের হৃদয়ে রক্তক্ষরণ হয়। তারেক রহমান সহ কাউকে দোষারোপ করে লাভ নাই, ইট মারবেন পাটকেল খাবেন। সবাই আপনার মত পারিবারিক শিক্ষা পায় নাই। কারো হাত চলে কারো মুখ চলে। আমাদের অনেক আদরের ছোট ভাই এনসিপির সাথে সম্পৃক্ত, আমি উত্তরোত্তর তাদের সাফল্য কামনা করি। একটি দল ৭১ কে কুক্ষিগত করতে চেয়েছিলো, আপনারা চাইছেন ২৪ কে কুক্ষিগত করতে। শ্রমিক, ছাত্র-জনতা মিলে ২৪ এর আন্দোলন করেছে এটাকে পুঁজি করে খাওয়ার চিন্তা বাদ দেন। আমাদের ইতিহাস সমৃদ্ধ, বর্তমানও সমৃদ্ধ এবং ভবিষ্যতও সমৃদ্ধ হবে। আপনারা আপনাদের নিয়ে ভাবুন, এ ধরনের কুরুচিপূর্ণ মন্তব্য যারা করে আর যারা তাদের সহযোগীতা করবে তাদের বিরুদ্ধে জাতীয়তাবাদী শক্তি সবসময় ঐক্যবদ্ধ থাকবে।

বিক্ষোভ সমাবেশের পূর্বে একটি বিক্ষোভ মিছিল খানপুর হাসপাতাল থেকে বের হয়ে চাষাড়া গোল চত্বরে ঘুরে মন্ডলপাড়া গিয়ে শেষ হয়।