নারায়ণগঞ্জে ডেঙ্গু প্রতিরোধে র‍্যালি ও পরিচ্ছন্নতা অভিযান

প্রেসবাংলা ২৪. কম : ডেঙ্গু প্রতিরোধ, নিয়ন্ত্রণ ও জনসচেতনতা কার্যক্রম জোরদার করার লক্ষ্যে ডেঙ্গু প্রতিরোধে জনসম্পৃক্ততা বৃদ্ধি এবং ব্যাপক জনসচেতনতা সৃষ্টির জন্য র‌্যালি অনুষ্ঠিত হয়েছে। শনিবার (৬ জুন) সকালে নারায়ণগঞ্জ জেলা প্রশাসনের উদ্যোগে ফতুল্লার শিবু মার্কেট থেকে শুরু করে জেলা পরিষদের কার্যালয় পর্যন্ত এই র‌্যালির আয়োজন করা হয়।

এসময় জেলা পরিষদের কার্যালয়ের পাশের খালে পরিষ্কার পরিচ্ছন্নতার কার্যক্রমের উদ্বোধন এবং পরিবেশ রক্ষার স্মারক বৃক্ষরোপণ করা হয়। একই সাথে ফগার মেশিন দিয়ে মশা নিধনে ওষুধ ছিটানো হয়।

এ বিষয়ে জেলা প্রশাসক মো. রায়হান কবির বলেন, প্রধানমন্ত্রীর নির্দেশনা ছিলো আমরা যেন বড় র‌্যালি করে জনসচেতনতামূলক কার্যক্রম করি। তারই অংশ হিসেবে আমরা র‌্যালি করেছি। এর উদ্দেশ্য হচ্ছে ডেঙ্গু প্রকোপ শুরু হওয়ার আগেই আমরা যেন জনগণকে সচেতন করে তুলতে পারি। যে জায়গাগুলো ডেঙ্গু মশা বংশ বিস্তার করে সে জায়গাগুলো চিহ্নিত করে পরিস্কার পরিচ্ছন্ন করি।

ডেঙ্গুনাশক কীটনাশক প্রয়োগ করে ডেঙ্গু লার্ভা নষ্ট করে দেয়া যায়। তিনি আরও বলেন, আমরা প্রতি শনিবারই এইকাজগুলো করি। আজ আমরা সবাইকে নিয়েই এই কার্যক্রম করেছি। যাতে করে প্রধানমন্ত্রীর বিশেষ উদ্যোগের বিষয়টি সকলেই অবগত হন এবং জনসাধারণ প্রত্যেকেই নিজেদের মতো করে সচেতন হন।

এসময় উপস্থিত ছিলেন জেলা পরিষদের প্রশাসক ও জেলা বিএনপির আহবায়ক অধ্যাপক মামুন মাহমুদ, জেলা সিভিল সার্জন ডা. এ এফ এম মুশিউর রহমান, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা এসএম ফয়েজ উদ্দিন, জামায়াতের কেন্দ্রীয় কর্মপরিষদের সদস্য মাওলানা মঈনউদ্দিন আহমদ, মহানগর বিএনপির সদস্য সচিব অ্যাডভোকেট আবু আল ইউসুফ খান টিপু, জেলা বিএনপির যুগ্ম আহবায়ক মাসুকুল ইসলাম রাজিব, নারায়ণগঞ্জ চেম্বারের পরিচালক রিয়াদ মোহাম্মদ চৌধুরী আরো অনেকে।