মাদক ব্যবসা ছেড়ে স্বাভাবিক জীবনে ফেরার অঙ্গীকার, না’গঞ্জে রানার আত্মসমর্পণ

প্রেসবাংলা ২৪. কম: নারায়ণগঞ্জে মাদক ব্যবসা ছেড়ে স্বাভাবিক জীবনে ফিরে যাওয়ার অঙ্গীকার করে রানা নামের এক মাদক কারবারি থানায় আত্মসমর্পণ করেছেন।

বুধবার (১৮ মার্চ) দুপুরে তিনি নারায়ণগঞ্জ সদর মডেল থানায় এসে স্বেচ্ছায় আত্মসমর্পণ করেন। পরে পুলিশ তাদের কাছ থেকে লিখিত মুচলেকা নিয়ে পরিবারের কাছে হস্তান্তর করে।

সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আব্দুল হালিম জানান, মাদক, সন্ত্রাস ও চাঁদাবাজিমুক্ত নারায়ণগঞ্জ গড়ে তুলতে আইনশৃঙ্খলা বাহিনী নিয়মিত অভিযান পরিচালনা করছে। এসব অভিযানে উপজেলার বিভিন্ন এলাকা থেকে বিপুল পরিমাণ ফেনসিডিলসহ বিভিন্ন ধরনের মাদকদ্রব্য ও অস্ত্র উদ্ধার করা হয়েছে। পাশাপাশি মাদক কারবারি ও সন্ত্রাসী কর্মকাণ্ডের সঙ্গে জড়িত বেশ কয়েকজনকে গ্রেপ্তার করা হয়েছে।

তিনি আরও বলেন, চলমান অভিযানের ধারাবাহিকতায় রানা নামের এক মাদক কারবারি স্বেচ্ছায় থানায় এসে আত্মসমর্পণ করেছেন এবং মাদক ব্যবসা ছেড়ে স্বাভাবিক জীবনে ফিরে যাওয়ার প্রতিশ্রুতি দিয়েছেন। ভবিষ্যতে তারা আবার মাদক ব্যবসার সঙ্গে জড়িয়ে পড়লে তাদের বিরুদ্ধে কঠোর আইনি ব্যবস্থা নেওয়া হবে।

আইনশৃঙ্খলা বাহিনী জানিয়েছে, মাদকমুক্ত সমাজ গড়তে এমন উদ্যোগকে উৎসাহিত করা হবে এবং যারা অপরাধ ছেড়ে স্বাভাবিক জীবনে ফিরতে চান তাদের সহযোগিতা করা হবে।