না’গঞ্জে কিন্ডারগার্টেন শিক্ষার্থীদের প্রাথমিক বৃত্তি পরীক্ষায় অন্তর্ভুক্তির দাবি

প্রেসবাংলা ২৪. কম: ‘প্রাথমিক বৃত্তি নিয়ে বৈষম্য নয়, সাম্য চাই’ স্লোগানকে সামনে রেখে আন্দোলন শুরু করেছে বাংলাদেশ কিন্ডারগার্টেন এসোসিয়েশন। তারা প্রাথমিক বৃত্তি পরীক্ষা ২০২৫-এ কিন্ডারগার্টেন ও বেসরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের অংশগ্রহণ নিশ্চিত করার দাবিতে নারায়ণগঞ্জে সংবাদ সম্মেলন করেছে সংগঠনটি।

মঙ্গলবার সকালে নারায়ণগঞ্জ প্রেসক্লাব মিলনায়তনে সংগঠনের জেলা ও উপজেলা শাখার নেতারা বক্তব্য প্রদান করেন। সংবাদ সম্মেলনে সংগঠনের নারায়ণগঞ্জ জেলা শাখার সদস্য সচিব সাজ্জাদ হোসেন বলেন, প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের গত ১৭ জুলাই জারিকৃত এক পরিপত্রের মাধ্যমে কিন্ডারগার্টেনের শিক্ষার্থীদের বৃত্তি পরীক্ষায় অংশগ্রহণের সুযোগ থেকে বঞ্চিত করা হয়েছে, যা অগ্রহণযোগ্য।

তিনি আরও বলেন, ১৫ জুলাই প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের নির্বাহী কমিটির সিদ্ধান্ত অনুযায়ী বৃত্তি পরীক্ষা ২০২৫ অনুষ্ঠিত হবে। কিন্তু কিন্ডারগার্টেন ও বেসরকারি প্রাথমিক বিদ্যালয়ের বিপুল সংখ্যক শিক্ষার্থীকে পরীক্ষায় অংশগ্রহণ থেকে বঞ্চিত করা হয়েছে, যা অসাম্য সৃষ্টি করেছে। ২০০৯ থেকে ২০১৯ সালের মধ্যে প্রাথমিক সমাপনী পরীক্ষা এবং ২০২২ সালের বৃত্তি পরীক্ষায় এসব বিদ্যালয়ের শিক্ষার্থীরা সফলতা অর্জন করেছে।

বৃত্তি শুধুমাত্র আর্থিক সহায়তা নয়, এটি শিশুদের আত্মবিশ্বাস, সামাজিক মর্যাদা ও শিক্ষায় অগ্রগতির প্রেরণা। যখন কোনো শিশু তার বন্ধুরা বৃত্তি পরীক্ষায় অংশ নিচ্ছে, কিন্তু সে পারছে না বিদ্যালয়ের স্বীকৃতির ভিন্নতার কারণে, তখন তা তার মনোবল নষ্ট করে এবং বৈষম্যমূলক মনোভাব গড়ে তোলে, যা জাতীয় শিক্ষানীতির সাম্যের নীতির পরিপন্থী।

বেসরকারি বিদ্যালয়ের শিক্ষার্থীরা পরীক্ষায় অংশ নিতে না পারলে শিক্ষার্থী ও পরিবারে মানসিক চাপ সৃষ্টি হয়, যার দায়ভার সরকারকেই নিতে হবে। প্রাথমিক শিক্ষা শুধু সাক্ষরতার পরিচায়ক নয়, এটি ভবিষ্যতের মজবুত ভিত্তি গড়ে দেয়। যদি সেই ভিত্তিতে বৈষম্য থাকে, তবে কিভাবে সমতার সমাজ গঠন সম্ভব?

এ সময় উপস্থিত ছিলেন কিন্ডারগার্টেন পরিচালক ঐক্য পরিষদ নারায়ণগঞ্জ জেলার সভাপতি মো. সামসুজ্জামান, কিন্ডারগার্ডেন পরিচালক ঐক্য পরিষদের সভাপতি মো. সাখাওয়াত, সাধারণ সম্পাদক মো. বাহাউদ্দিন, সাংগঠনিক সম্পাদক মো. কাউছার, বাংলাদেশ কিন্ডারগার্টেন এসোসিয়েশনের সদস্য মো. জসিম উদ্দিন, কিন্ডারগার্টেন এসোসিয়েশন অব ঢাকার যুগ্ম মহাসচিব মো. সাইফুল ইসলাম, সহ-সভাপতি মো. মাসুদ প্রমুখ।