ফতুল্লার সন্ত্রাসী সাল্লু ও রাজু বাহিনীর ছয় সদস্য গ্রেফতার

ফতুল্লা প্রতিনিধি, প্রেসবাংলা২৪.কম: নারায়ণগঞ্জের ফতুল্লায় দেশীয় ধারালো অস্ত্র সহ দেওভোগ বাশমুলি এলাকার সন্ত্রাসী সাল্লু ও রাজু বাহিনীর ছয় সদস্যকে গ্রেফতার করেছে পুলিশ।
সোমবার (৫ আগস্ট) রাতভর তাদেরকে ফতুল্লার বাশমুলি তিন রাস্তা মোড়ে অভিযান চালিয়ে গ্রেফতার করা হয়। এ সময় পুলিশ গ্রেফতারকৃতদের নিকট থেকে দেশীয় তৈরি দুটি রামদা উদ্ধার করে।
গ্রেফতারকৃতরা হলো- ফতুল্লা মডেল থানার ভোলাইল গেদ্দার বাজার এলাকার ওসমান গনির ভাড়াটিয়া সোলেয়মানের পু্ত্র রিফাত(১৯), একই এলাকার তারা মিয়ার ভাড়াটিয়া আমাদুলের পুত্র মোঃ শাহিন(১৯), মুসলিমনগর নয়াবাজার এলাকার হাকিমের বাড়ীর ভাড়াটিয়া দুলাল মিয়ার পুত্র মামুন(২১), ভোলাইল শান্তিনগর এলাকার আবু তাহেরের বাড়ীর ভাড়াটিয়া গুলজারের পুত্র মোঃ রাজু(১৭), দেওভোগ মাদ্রাসা সংলগ্ন গিয়াস উদ্দিন উকিলের বাড়ীর ভাড়াটিয়া সাজু মিয়ার পুত্র সামাদ(১৯) ও একই এলাকার জামাল মুদির ভাড়াটিয়া মৃত আলমাস মিয়ার পুত্র সাহিন(৪৬)।
এ ঘটনায় পুলিশ বাদী হয়ে গ্রেফতারকৃত ছয়জন সহ সাল্লু বাহিনীর প্রধান সাল্লু, রাজু বাহিনীর প্রধান রাজুকে আসামি করে মামলা দায়ের করেছে।
পুলিশ ও স্থানীয় এলাকাবাসীর তথ্য মতে, এলাকার আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে সাল্লু বাহিনী ও রাজু প্রধান বাহিনীর মধ্যে গত এক মাসের ও বেশী সময় ধরে প্রতিনিয়ত ধাওয়া-পাল্টা ধাওয়ার মতো ঘটনা ঘটেছে। এ সময় উভয় পক্ষের সন্ত্রাসীরা হাতে দেশীয় তৈরি ধারালো অস্ত্র, আগ্নেয়াস্ত্রসহ বোমার ব্যবহার করে এলাকায় আতংকের সৃষ্টি সহ সাধারন মানুষের বাড়ী ঘর, ব্যবসা প্রতিষ্ঠানে অহেতুক হামলা চালিয়ে ভাংচুর করে। গত এক মাসে এই দুই বাহিনীর বিরুদ্ধে ফতুল্লা মডেল থানায় বেশ কয়েকটি মামলা হয়। এতে বেশ কয়েকজন সন্ত্রাসী গ্রেফতার হলেও মূল হোতারা রয়ে গেছে ধরাছোয়ার বাইরে।
ফলে দু একদিন পরপরই এই দুই সন্ত্রাসী বাহিনী নিজ নিজ ক্ষমতা বা শক্তি জাহির করতে একে অপরের সাথে সংঘর্ষে লিপ্ত হয়। এরই ধারাবাহিকতায় সোমবার রাত এগারোটার দিকে উভয় গ্রুপের সন্ত্রাসীরা দেশীয় অস্ত্র- সস্ত্রে সজ্জিত হয়ে একে অপরের সাথে সংঘর্ষে লিপ্ত হয়। এ সময় বেশ কয়েকটি বোমার বিস্ফোরণও ঘটায় সন্ত্রাসীরা। যার ভিডিও ইতোমধ্যে সামাজিক যোগাযোগ ভাইরাল হয়েছে। সংবাদ পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে উভয় পক্ষকে ধাওয়া করে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এ সময় পুলিশ দেশীয় অস্ত্র সহ ছয় জনকে গ্রেফতার করে। তবে সোমবার রাতেও পালিয়ে যেতে সক্ষম হয় বাহিনী প্রধান সাল্লু ও রাজু।
ফতুল্লা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ রিজাউল হক দিপু জানায়, আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে সাল্লু ও রাজু বাহিনী সংঘর্ষে লিপ্ত হয়। সংবাদ পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে ধারালো অস্ত্র সহ ছয়জনকে গ্রেফতার করে। এ ঘটনায় পুলিশ বাদী দ্রুত বিচার আইনে মামলা দায়ের করেছে। পালিয়ে যাওয়া সকল আসামিদের গ্রেফতারের চেস্টা করছে পুলিশ।











