যিনিই মেয়র হবেন, আমার আপত্তি নাই : সেলিম ওসমান

প্রেসবাংলা ২৪. কম: নারায়ণগঞ্জ-৫ আসনের সাংসদ সেলিম ওসমান বলেছেন, জানি না কেন আমার শান্তির চর হয় না? জানি না কেন নাসিম ওসমান ও নবীগঞ্জ ব্রীজ হয় না? আজকে আমরা কোথায় থাকতাম যদি আমাদের রাস্তা ঘাটের উন্নয়ন হয়। যিনিই সিটি মেয়র হবেন আমার কোনো আপত্তি নাই। আমি কাউকে কটাক্ষ করবো না। আমি শুধু বলেছিলাম অতীতের ভুল ত্রটি থাকতে পারে। ভুল-ত্রুটি থাকতে পারে বলেই আমি হজ্বে যেতে পারবো এবং মাফ চেতে পারবো।
শনিবার (৩০ অক্টোবর) সন্ধ্যায় ক্রিস্টাল প্যালেস কমিউনিটি সেন্টারে অনুষ্ঠিত নারায়ণগঞ্জ চেম্বার অব কমার্সের বার্ষিক সাধারণ সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন।
তিনি আরও বলেন, আজ সব জায়গায় দুর্নীতি। অনেক ভালো ভালো প্রতিষ্ঠানেও দুর্নীতি। আমি নারায়ণগঞ্জ ৩শ’ শয্যা হাসপাতালের সভাপতি ছিলাম কিন্তু দুর্নীতির দায়ে আমি ইস্তফা দিয়ে চলে আসছি। কারণ একটা মানুষ ছিলো তাকে দুর্নীতির কারণে শাস্তি তো হলোই না উল্টো থাকে ট্রান্সফার করে দেওয়া হলো। কারণ কান টানলে মাথা আসে। কান টান দিছিলাম কিন্তু মাথাটা আনতে পারি নাই, তো ওইখানে থাইকা কি করবো?
তিনি আরও বলেন, আমার রক্তে রক্তে ব্যবসায়ী। আমরা রক্তে কোনো দল নেই। নারায়ণগঞ্জ শহর বা বন্দরে আমার কোনো পার্টি অফিস নেই। আমি রাজনীতি শিখি নাই, আমি ব্যবসা শিখছি। আমি বাধ্য হইছি আমার ভাইয়ের জন্য। ভাইয়ের মৃত্যুর পর আমি নাসিম ওসমানের প্রক্সি দিতে আসছিলাম। কিন্তু দ্বিতীয় বার প্রক্সি দিতে আসি নাই। আমি দ্বিতীয় বার আসতে চাই নাই। কিন্তু কেন আসতে হইছে সেটা যেদিন চলে যাবো ওইদিন বলবো। আমি কখনোই রাজনীতি পছন্দ করি না। যদি পছন্দ করতাম তাইলে আমার বাপের পর আমি আসতাম, নাসিম ওসমান না। আমি রাজনীতি মানেই বুঝি স্বাধীনতার পর সুষ্ঠু ব্যবসা করতে হবে। আর সুষ্ঠু ব্যবসা করলেই কর্মসংস্থান হবে।
এসময় আরও উপস্থিত ছিলেন, নারায়ণগঞ্জ চেম্বার অব কমার্সের সাবেক সভাপতি ও সাবেক সাংসদ মোহাম্মদ আলী, সাবেক নারী সংসদ সদস্য হোসনে আরা বাবলি, নারায়ণগঞ্জ চেম্বার অব কমার্সের বর্তমান সভাপতি খালেদ হায়দার খান কাজল প্রমুখ।











