টাইগারদের নতুন ব্যাটিং কোচ প্রিন্স, স্পিন কোচ হেরাথ

ক্রীড়া প্রতিবেদক, প্রেসবাংলা: অবশেষে গুঞ্জন হলো সত্য । বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) জাতীয় দল জিম্বাবুয়ে সফরের আগেই বিশেষজ্ঞ ব্যাটিং ও বোলিং কোচ নেয়ার সিদ্ধান্ত চূড়ান্ত করল ।

শ্রীলঙ্কার কিংবদন্তি বাঁহাতি স্পিনার রঙ্গনা হেরাথকে টাইগারদের নতুন স্পিন বোলিং কোচ হিসেবে নিয়োগ দেয়া হয়েছে । পাশাপাশি ব্যাটিং কোচ হিসেবে নেয়া হয়েছে দক্ষিণ আফ্রিকার সাবেক বাঁহাতি ব্যাটসম্যান অ্যাশওয়েল প্রিন্সকে।

ভেট্টোরির অনুপস্থিতিতে সোহেল ইসলামকে দিয়ে স্পিন বোলিং কোচের কাজ চালিয়েছে বিসিবি। তবে ভেতরে ভেতরে ঠিকই খোঁজ করেছে বিদেশি কোচের। অবশেষে শ্রীলঙ্কার কিংবদন্তি স্পিনার হেরাথকে দেয়া হয়েছে এ দায়িত্ব।

আসন্ন জিম্বাবুয়ে সফর দিয়েই শুরু হবে হেরাথের বাংলাদেশ কোচিং অধ্যায়। বর্তমান চুক্তি অনুযায়ী, তিনি কাজ করবেন চলতি বছর হতে যাওয়া টি-টোয়েন্টি বিশ্বকাপ পর্যন্ত।