দ্রুত বিচার শেষ করতে হবে-সাজনু

প্রেসবাংলা ২৪.কম: নারায়ণগঞ্জ শহরের চাষাঢ়া পাড়ায় আওয়ামী লীগ অফিসে বর্বরোচিত বোমা হামলার ২০ বছরেরও বিচার কাজ শেষ না হওয়ায় ক্ষোভ প্রকাশ করেছেন মহানগর যুবলীগের সভাপতি শাহাদাৎ হোসেন ভূইয়া সাজনু। তিনি দ্রুত বিচার কাজ শেষ করার দাবী জানিয়েছেন।

বুধবার (১৬ জুন) সকালে চাষাঢ়া শহীদ মিনারের পাশে বোমা বিস্ফোরণের স্থানে নির্মিত স্মৃতিস্তম্ভে পুস্পমাল্য অর্পনের পর তিনি একথা জানান।

সাজনু আরও বলেন, আওয়ামী লীগের প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিরুদ্ধে অনেক ষড়যন্ত্র করা হয়েছে। অনেকবার তাকে হত্যার চেষ্ঠা করা হয়েছে, কিন্তু আল্লাহর রহমতে এবং বাংলাদেশের মানুষের দোয়াতে তিনি প্রতিবারই বেচে গেছে। তেমনি আওয়ামী লীগের কর্মীদের নিয়ে নানাভাবে ষড়যন্ত্র করা হয়। সেই ষড়যন্ত্রেই ২০০১ সালে চাষাড়ায় বোমা হামলায় ২০টি প্রাণ ঝড়ে গেছে। ষড়যন্ত্রের বিরুদ্ধে আমাদের সব সময় সোচ্চার থাকতে হবে।

তিনি আরও বলেন, ২০০৫ সালের ১ অক্টোবর গ্রেপ্তার হন হরকাতুল জেহাদের অন্যতম নেতা মুফতি আবদুল হান্নান। গ্রেপ্তারের পর তিনি র‌্যাব ও গোয়েন্দা সংস্থার কাছে দেওয়া জবানবন্দিতে চাষাঢ়া বোমা হামলায় জড়িত থাকার কথা স্বীকার করেন। ২০০৬ সালের ২৬ ফেব্রুয়ারি ভারতের রাজধানী নয়াদিল্লির একটি রেল স্টেশন থেকে হরকাতুল জিহাদের দুই জঙ্গি-সহোদর আনিসুল মোরসালিন ও মুহিবুল মুত্তাকিনকে গ্রেপ্তার করা হয়। তাদের বাড়ি বাংলাদেশের ফরিদপুর জেলায়। তারাও বোমা হামলায় নিজেদের সম্পৃক্ততার কথা স্বীকার করেছেন। বর্তমানে নয়াদিল্লি কারাগারে বন্দী তারা। এই দুইজনকে এখনো দেশে ফেরত আনা হয়নি। তাদের দেশে ফিরিয়ে এনে বিচার কাজ শেষ করার দাবী জানাচ্ছি। প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছে ২০ পরিবার সহ নারায়ণগঞ্জবাসী জোড় দাবী জানাই।