বছরের পর বছর পানিতে ডুবে আছে এনায়েতনগর স্বাস্থ্য কেন্দ্র

বছরের পর বছর পানিতে ডুবে আছে এনায়েতনগর স্বাস্থ্য কেন্দ্র

আব্দুল্লাহ আল ইমরান, প্রেসবাংলা: ৬ মাসের গর্ভবতী নিলুফা বেগম হাটু পানিতে আধঘন্টা  দাঁড়িয়ে থেকে চিকিৎসা  নিতে দেখা যায় এনায়েতনগর ইউনিয়ন স্বাস্থ্য কেন্দ্রে। উপস্থিত একমাত্র স্বাস্থ্যকর্মী সালেহা আক্তার পানিতে বসেই দিয়ে যাচ্ছেন চিকিৎসা। জলাবদ্ধতার কারণে বছরের পর বছর পানিতেই ডুবে থাকে স্বাস্থ্য কেন্দ্রটি। এনায়েতনগর ইউনিয়ন স্বাস্থ্য কেন্দ্রটি দীর্ঘদিন যাবৎ পানিতে ডুবে থাকলেও দেখার কেউ নেই। ময়লা দূর্গন্ধযুক্ত পানিতে দাঁড়িয়েই স্বাস্থ্য সেবা নিতে হচ্ছে এলাকার অসুস্থ রোগীদের। এমনকি গর্ভবতী মায়েরাও এখানে ঝুঁকি নিয়ে স্বাস্থ্য সেবা নিচ্ছেন দিনের পর দিন। ফলে সেবা নিতে আসা রোগীরা পরেছেন আরোও স্বাস্থ্য ঝুকিতে।

গর্ভবতী মহিলা স্বাস্থ্যসেবা নিতে স্বাস্থ্য কেন্দ্রে

এনায়েতনগর স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্রের স্বাস্থ্য কর্মী সালেহা আক্তার জানান, পানির মধ্যে বসেই চলছে আমাদের স্বাস্থ্য সেবা। পানির কারণে ব্যাহত হচ্ছে টিকাদান কার্যক্রম। প্রতিদিন পানিতে বসে আমাকে চিকিৎসা দিতে হচ্ছে এতে কতদিন সুস্থ্য থাকতে পারব জানিনা। বড় স্যার সপ্তাহে দুইদিন আসেন কিন্তু আমার প্রতিদিন আসতে হয় পানির মধ্যে।

স্বাস্থ্য কর্মী সালেহা আক্তার

তিনি আরো জানান, প্রতিদিন অনেক মহিলা ও শিশু রোগী আসে এখানে চিকিৎসা সেবা নিতে। তাদেরকে দীর্ঘক্ষণ পানিতে দাঁিড়য়ে থেকে চিকিৎসা সেবা গ্রহণ করতে হচ্ছে। এতে করে ঠান্ডা জনিত রোগের ঝুকিতে পরছে তারা। কর্তৃপক্ষকে জানিয়ে কোন সমাধান পাওয়া যায়নি। গত বৎসর বর্ষা মৌসুমে ৬ মাস পানির নিচে সেবা দিতে হয়েছে । এবারো পানিতেই সেবা দিতে হবে । ইঞ্জিনিয়ার আসে এবং দেখে যায়।

এনায়েত নগর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আসাদুজ্জামান এর সহিত একাধিকবার ফোন করে যোগাযোগ করার চেষ্টা করেও তাকে পাওয়া যায়নি।

ফতুল্লা সদর উপজেলার নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আরিফা জহুরা প্রেসবাংলাকে বলেন, বিষয়টি সম্পর্কে আমি অবগত ছিলাম না। এইমাত্র আপনার মাধ্যমে বিষয়টি অবগত হলাম বিষয়টি দেখব।