শ্যালিকার আঘাতে দুলাভাইয়ের মৃত্যু!

স্টাফ রিপোর্টার, প্রেসবাংলা: নারায়ণগঞ্জের আড়াইহাজারে স্ত্রীর বোনের কোদালের আঘাতে মমতাজউদ্দিন (৬০) নামে একজনের মৃত্যু হয়েছে। রোববার (৩০ মে) সকালে উপজেলার কল্যান্দী বালিয়াপাড়া এলাকায় এ ঘটনা ঘটে।
নিহত মমতাজউদ্দিন উপজেলার কল্যান্দী বালিয়াপাড়া এলাকার মৃত ফজল আলীর ছেলে। খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ গেলেও এ নিউজ লিখা পর্যন্ত কাউকে আটক করতে পারেনি।
নিহতের স্ত্রী শাহীনা বলেন, আমার বাবার বাড়ির জমি নিয়ে আমার বোন হোসনেয়ারা সঙ্গে র্দীঘদিন ধরে আমাদের বিরোধ চলে আসছিল। এ নিয়ে নারায়ণগঞ্জের আদালতে মামলা রয়েছে। জমিটি আমাদের দখলে রয়েছে। সেই ৯ শতাংশ জমিতে ট্রাক দিয়ে বালি ভরাটকে কেন্দ্র করে আমার বোন আমার স্বামী মমতাজের সঙ্গে কথা-কাটাকাটিতে জড়িয়ে পড়েন। এক পর্যায়ে আমার স্বামীকে কোদাল দিয়ে আঘাত করে রাস্তায় ফেলে দেওয়া হয়। এতে তিনি গুরুতর আহত হন। পরে তাকে উদ্ধার করে আড়াইহাজার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
আড়াইহাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নজরুল ইসলাম বলেন, লাশ উদ্ধার করে ময়নাতদন্তে পাঠানো হয়েছে। এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে।











