চোরাই তেল সহ চোর চক্রের ২ সদস্য গ্রেফতার

রূপগঞ্জ প্রতিনিধি, প্রেসবাংলা২৪.কম: রূপগঞ্জের তারাবো হতে চোরাই তেল কেনাবেচার দায়ে চোরাই চক্রের ২ সক্রিয় সদস্যকে গ্রেফতার করেছে র্যাব-১১। সেই সাথে ১২৬০ লিটার ডিজেল ও ১টি পিকআপ ভ্যান জব্দ করা হয়।
বৃহস্পতিবার ( ৮এপ্রিল) সকাল ৮:৩০ মিনিটে গোপন তথ্যের ভিত্তিতে র্যাব-১১ অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করে।
আটককৃত আসামীরা হলো আব্দুল ইমাম ভূঁইয়া (৩৩) ও মোঃ মনির হোসেন (২২)। এসময় টাটকী তারাবো এলাকায় নিউ ঢাকা ইন্ড্রাস্ট্রিজ লিমিটেড এর সামনে ঢাকা- সিলেট মহাসড়কে বিশেষ অভিযান পরিচালনা করে ৯টি ড্রামভর্তি ১,২৬০ লিটার চোরাই ডিজেল উদ্ধার করা হয়। এছাড়া চোরাই কাজে ব্যবহৃত ১টি নীল-হলুদ রংয়ের ছোট পিকআপ ভ্যান জব্দ করা হয়।
প্রাথমিক অনুসন্ধানে জানা যায়, গ্রেফতারকৃত আসামীরা আর্থিকভাবে লাভবান হওয়ার জন্য পরষ্পর যোগসাজশে দীর্ঘদিন যাবৎ চোরাই তেল কেনাবেচার সিন্ডিকেট গড়ে তুলেছে। এই চোরাই সিন্ডিকেট রাস্তার পাশে পার্কিং করা গাড়ী হতে অভিনব কৌশলে তেল চুরি করে। তাছাড়া কিছু অসাধু ড্রাইভার ও হেলপার নাম মাত্র মূল্যে তেলভর্তি লরী থেকে তেল চুরি করে এই সিন্ডিকেটের কাছে বিক্রি করে। চোরাই চক্র এই তেলের সাথে ভেজাল তেল মিশিয়ে বিভিন্ন ক্ষুদ্র তেল ব্যবসায়ীদের কাছে সরবরাহ করে। এই তেল ব্যবহার করে গাড়ীর ইঞ্জিন ব্যাপক ক্ষতি সাধিত হচ্ছে। গ্রেফতারকৃত আসামীরা পরষ্পর যোগসাজশে দীর্ঘদিন যাবৎ বিভিন্ন কৌশলে অবৈধ উপায়ে জ্বালানী তেল সংগ্রহ করে অবৈধভাবে কেনাবেচা করে আসছে বলে প্রাথমিক জিজ্ঞাসাবাদে স্বীকার করে। এই সকল চোরাই সিন্ডিকেটের বিরুদ্ধে র্যাবের অভিযান অব্যাহত থাকবে বলে জানায় র্যাব।
গ্রেফতারকৃত আসামীদের বিরুদ্ধে আইনানুগ কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।











