ফতুল্লায় চাঁদাবাজির সময় ভুয়া দুদক কর্মকর্তাকে আটক

ফতুল্লায় চাঁদাবাজির সময় ভুয়া দুদক কর্মকর্তাকে আটক

ফতুল্লা প্রতিনিধি, প্রেসবাংলা২৪.কম: নারায়ণগঞ্জ জেলার ফতুল্লায় চাঁদাবাজি করতে গিয়ে ইমরান হোসেন হায়দার (৪০) নামে এক ভুয়া দুদক কর্মকর্তাকে গণপিটুনী দিয়ে পুলিশে দিয়েছে ভুক্তভোগীরা। এ সময় তার দুই সহযোগী সেলিম ও তানজিল পালিয়ে যান।

রোববার (১৪ মার্চ) রাতে ফতুল্লার কায়মপুর ফকির গার্মেন্টসের সামনে থেকে তাকে আটক করে পুলিশে সোপর্দ করে এলাকাবাসী।

ভুক্তভোগী ওয়াবদারপুল এলাকার প্রিন্টিং ব্যবসায়ী নাদির সরদার জানান, দেড় মাস আগে ইমরান হায়দার একটি গাড়ি নিয়ে তার প্রতিষ্ঠানে আসেন এবং নিজেকে দুদকের কর্মকর্তা পরিচয় দিয়ে বলেন, ‘আপনার বিরুদ্ধে অভিযোগ আছে। আপনি দুর্নীতির মাধ্যমে ব্যবসা করে আসছেন। নানা ভয় দেখিয়ে ২০ হাজার টাকা হাতিয়ে নেন। এক পর্যায়ে আরও ২ লাখ টাকা দাবি করেন। এক পর্যায়ে বিষয়টি থানা পুলিশকে অবহিত করা হয়।

পরে পুলিশের পরামর্শে টাকা দেয়ার আশ্বাস দিয়ে ইমরান হোসেন হায়দারকে আসতে বলা হয়। টাকা নেয়ার জন্য দুই সহযোগীসহ ইমরান রোববার এলে তাকে আটক করা হয়। তবে তার দুই সহযোগী পালিয়ে যান।

এদিকে ঘটনার খবর পেয়ে ফতুল্লা থানার এসআই হাফিজ ঘটনাস্থলে গিয়ে জনতার হাতে আটক ইমরান হোসেন হায়দারকে পুলিশ হেফাজতে নিয়ে যান।