মাদক হচ্ছে অপরাধের মা: ওসি আসলাম

নারায়ণগঞ্জ প্রতিনিধি, প্রেসবাংলা২৪.কম: মাদক হচ্ছে অপরাধের মা। মাদক অপরাধ জন্ম দেয় বলে মন্তব্য করেছেন নারায়ণগঞ্জের ফতুল্লা মডেল থানার ওসি আসলাম হোসেন। তিনি বলেন, যার মুখে মাদকের ছোয়া লাগে সে অপরাধী হবেই। তাই সন্ধ্যার পর সন্তানকে নিয়ে ঘরে থাকুন। এতে সমাজ থেকে চুরি, ডাকাতি, ছিনতাই, মাদকসহ জঙ্গিবাদের মত বড় অপরাধ কমে যাবে। দিনে লেখা পড়া, ব্যবসা বানিজ্য আর চাকুরী যা কিছু করুক না কেনো সন্ধ্যার পর পরিবারের সঙ্গে থাকলে কেউ মাদকসহ অন্যান্য অপরাধের সঙ্গে জড়াবেনা।
শুক্রবার (৫ মার্চ) ঢাকা রেঞ্জ ও জেলা পুলিশের নির্দেশনায় ফতুল্লা বাজার জামে মসজিদে জুম্মা নামাজের সময় খুৎবার পূর্বে পারিবারিক শৃঙ্খলা বিষয়ক বক্তব্যে অভিভাবকদের উদ্দ্যেশে তিনি এ কথা বলেন।
ওসি আসলাম হোসেন বলেন, ফতুল্লায় কিশোর গ্যাংয়ের উৎপাত এখন নেই। কারন এলাকা ভিক্তিক তালিকা তৈরী করে উশৃঙ্খল কিশোরদের গ্রেফতার করে আইনের আওতায় আনা হয়েছে। গ্রেফতারকৃত কিশোরদের কাছ থেকে জানতে পেরেছি তাদের অভিভাবকদের সঙ্গে দূরত্ব আর সামাজিক অবক্ষয়ের কথা। যার জন্য কিশোররা উশৃঙ্খলা হয়ে কিশোর গ্যাং তৈরী করে অপরাধ করতেন। একই ভাবে অন্যান্য অধিকাংশ অপরাধ গুলোও একই সমস্যার কারনে হয়ে থাকে। এজন্য সন্তানের প্রতি অভিভাবকদের দায়িত্ব পালন করতে হবে। সন্ধ্যা হলেই পরিবারের সকলকে ঘরে ডেকে নিয়ে আসতে হবে। পারিবারিক সুখ শান্তির বিষয়ে আলোচনা করতে হবে।
তিনি আরো বলেন, অর্থনৈতিক স্বচ্ছলতা ধরে রাখতে ও পরিবারের মধ্যে মায়া মমতার বন্ধন তৈরী করতে অভিভাবকদের অযথা চায়ের দোকানে আড্ডা দেয়া কমাতে হবে। অর্থের অপচয় কমে যাবে। আর যেকোন অপরাধে বা দূর্ঘটনায় যদি থানার নাম্বার কারো কাছে না থাকে তাহলে ৯৯৯ এর ফোন করুন। পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌছে ব্যবস্থা নিবেন।











