আড়াইহাজারে তাঁত শ্রমিককে হত্যা

আড়াইহাজারে তাঁত শ্রমিককে হত্যা

আড়াইহাজার প্রতিনিধি, প্রেস বাংলা২৪.কম: নারায়ণগঞ্জের আড়াইহাজারে সড়কের পাশে জমি থেকে মজিবুর(৪৫) নামে এক তাঁত শ্রমিকের লাশ উদ্ধার করেছে আড়াইহাজার থানা পুলিশ।

পুলিশ ও পারিবারিক সূত্রে জানাগেছে, ১১ ফেব্রুয়ারী বৃহস্পতিবার দুপুরে আড়াইহাজার উপজেলার হাইজাদী ইউনিয়নের ইলমদী কান্দাপাড়া এলাকার নুরুল হকের ছেলে তাঁত শ্রমিক মজিবুরের মাথা,নাক সহ দেহের বিভিন্ন স্থানে রক্তাক্ত মৃত দেহ তার বাড়ির পশ্চিম পাশে সড়কের পাশে জমি থেকে উদ্ধার করে পুলিশ।

নিহত মজিবুর ১০ ফেব্রুয়ারী বুধবার সন্ধ্যায় বাড়ি থেকে বের হয়ে আর বাড়িতে ফিরে আসেনি। বাড়ির লোকজন তাকে রাতে বিভিন্ন স্থানে খোজাখুজি করেও পায়নি। বৃহস্পতিবার সকাল ৯টার দিকে স্থানীয় লোকজন মুজিবুরের মৃতদেহ জমিতে পড়ে থাকতে দেখে বাড়ির লোকজনকে খবর দেয়। পরে পুলিশকে জানালে দুপুরে পুলিশ ঘটনাস্থল থেকে মুজবুরের লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতালে পাঠান।

নিহত মজিবুরের স্ত্রী নাজমা জানান, তার স্বামী একজন হস্ত চালিত তাঁত শ্রমিক। তার ৩ মেয়ে ও ২ ছেলে সন্তান রয়েছে। তিনি বলেন,বাড়ির পাশে শহিদ মিয়ার স্ত্রী জোসনা বেগমের সাথে তার স্বামী মজিবুরের পরকীয়া সম্পর্কের কারনে ঐ পরিবারের সাথে তাদের সম্পর্ক ভাল ছিল না।

আড়াইহাজার থানার উপপরিদর্শক সজিব জানান, নিহতের মাথার পিছনে, কপালে, নাকে সহ বেশ কয়েকটি স্থানে আঘাতের চিহ্ন রয়েছে।

আড়াইহাজার থানার অফিসার ইনচার্জ নজরুল ইসলাম ঘটনার সত্যতা স্বীকার করে জানান, এ ঘটনায় নিহতের স্ত্রী নাজমা বাদী হয়ে থানায় একটি হত্যা মামলা দায়ের করেছে।