টাঙ্গাইল পৌরসভা নির্বাচনের শেষ মুহূর্তের প্রস্তুতি
নাছির উদ্দিন আবির, প্রেসবাংলা২৪.কম: টাঙ্গাইল পৌরসভা নির্বাচনের চলছে শেষ মূহুর্তের প্রস্তুতি। শেষ মুহুর্তের প্রচার প্রচারণায় সমর্থন পেতে ভোটারদের দ্বারে দ্বারে যাচ্ছেন প্রার্থীরা, দিচ্ছেন নানা রকম প্রতিশ্রুতি। তৃতীয় ধাপে আগামী ৩০শে জানুয়ারি অনুষ্ঠিত হবে এই পৌরসভার নির্বাচন।
বর্তমান সময়ে বাংলাদেশের পৌরসভাগুলি হলো নগরায়নের কেন্দ্রবিন্দু। জনগণের অংশগ্রহণে সর্বতোভাবে নাগরিক সেবা নিশ্চিত করার লক্ষ্যে জনকল্যাণমূলক প্রতিষ্ঠান হিসেবে গঠিত হয় পৌরসভা।
টাঙ্গাইল পৌরসভা দেশের প্রাচীন পৌরসভা গুলোর মধ্যে অন্যতম একটি। ১৮৮৭ সালের পহেলা জুলাই ৫টি ওয়ার্ড নিয়ে স্থাপিত হবার পর ১৯৯৯ সালে ১৮ টি ওয়ার্ড নিয়ে টাঙ্গাইল পৌরসভা পুনঃগঠিত হয়।
আগামী ৩০ জানুয়ারির পৌরসভা নির্বাচন কে ঘীরে প্রচার প্রচারণা চালিয়ে যাচ্ছেন মনোনয়ন প্রাপ্ত প্রার্থীরা। নির্বাচনের উৎসবের আমেজ রয়েছে ওয়ার্ড কাউন্সিলদের শেষ মুহূর্তের প্রচারণায়। পৌরসভার অলিতে গলিতে মাইক দিয়ে প্রার্থীদের প্রচারণার কাজ চলছে সকাল থেকে মধ্যরাত পর্যন্ত। প্রত্যেকটি পাড়া মহল্লায় ঝুলছে প্রার্থীদের নির্বাচনী পোস্টার। সভা-সমাবেশ, মিটিং-মিছিল করে শেষ বারের মতো সমর্থন চাইছেন কাউন্সিলর প্রার্থীরা।
পৌরসভার ৯নং ওয়ার্ডের পাঞ্জাবি প্রতীক প্রাপ্ত কাউন্সিলর পদপ্রার্থী ফারুক হোসেন বলেন, “মাদক, সন্ত্রাস, নারী নির্যাতন ও ইফ টিজিংয়ের বিরুদ্ধে আমার অবস্থান অনড়, নির্বাচিত হয়ে আমি এসব কঠোর হাতে দমন করবো। এছাড়া সারা দেশ যেভাবে মাননীয় প্রধানমন্ত্রীর হাত ধরে এগিয়ে যাচ্ছে তার ধারাবাহিকতায় আমার ওয়ার্ডটিতেও উন্নয়নের ধারা অব্যাহত রেখে একটি মডেল ওয়ার্ড হিসেবে গড়ে তুলবো ইনশাআল্লাহ”
চায়ের দোকান থেকে শুরু করে রাস্তার মোড়ে মোড়ে আলোচনা শুধুই এখন প্রার্থীদের নিয়ে। ভোটদানের মাধ্যমে আগামী চার বছরের জন্য যোগ্য প্রার্থীদেরকেই বেছে নিতে চান ভোটাররা।
পৌরসভার ৯নং ওয়ার্ডের ভোটার মো: আব্দুল আওয়াল বলেন, “পৌরসভার সৃষ্টিলগ্ন থেকে অলোয়া তারিনি, বরটিয়া, ভবানী, পুর্ব অলোয়া এবং রাজবাড়ী পৌরসভার অন্তর্ভুক্ত হলেও এখানে দৃশ্যমান তেমন কোনো উন্নয়ন হয়নি। যেমন: পানি, গ্যাস, ড্রেনেজ সিস্টেম কোনকিছু এখানে নেই। আশাকরি নির্বাচিত হবার পর সকল ওয়ার্ডের জনপ্রতিনিধিগন এসব উন্নয়নকল্পে কাজ করবেন”
আওয়ামীলীগের মনোনীত মেয়র প্রার্থী এসএম সিরাজুল হক আলম আলমগীর বলেন, “টাঙ্গাইল পৌরসভা নির্বাচনে বিজয়ী হলে টাঙ্গাইলকে একটি স্বচ্ছ পরিচ্ছন্ন নগরী হিসেবে গড়ে তোলার মধ্য দিয়ে প্রত্যেকের নাগরিক সুবিধা নিশ্চিত করে একটি আধুনিক তিলোত্মমা নগরী হিসেবে গড়ে তুলবো”
এদিকে ৩০ জানুয়ারির নির্বাচন কে ঘীরে সকল প্রকার প্রস্তুতি সম্পন্ন করেছে টাঙ্গাইল জেলা নির্বাচন অফিস। টাঙ্গাইল জেলা সিনিয়র নির্বাচন কর্মকর্তা এ. এইচ. এম. কামরুল হাসান বলেন, “সুষ্ঠু ভাবে নির্বাচন গ্রহন করতে পর্যাপ্ত ব্যাবস্থা গ্রহন করা হয়েছে। কোন ধরনের নির্বাচনী আচরণবিধি লঙ্ঘনের অভিযোগ পেলে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে”











