আইনজীবী ঐক্য পরিষদের প্যানেল পরিচিতি সভা অনুষ্ঠিত

স্টাফ রিপোর্টার, প্রেসবাংলা২৪.কম: বাংলাদেশ জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের সদস্য সচিব এড. ফজলুর রহমান বলেন, নারায়ণগঞ্জ আমার প্রিয় জায়গা। আমি ৭৬ সাল থেকে নারায়ণগঞ্জে আসতাম বক্তৃতা দিতে। এখন যারা নারায়ণগঞ্জের অধিকর্তা, মহারাজা তারা তখন ক্লাস থ্রি-ফোরে পড়তো। তাদের বাবা শামসুজ্জোহা তখন জেলে ছিলো। আমি তখন থেকে নারায়ণগঞ্জে আসি। আমার কর্মী ছিলো সাবেক পিপি আসাদুজ্জামান। তার মত আমার অনেক কর্মী ছিলো।
মঙ্গলবার (২৬শে জানুয়ারী) দুপুরে জেলা পরিষদ সংলগ্ন হিমালয় চাইনিজ রেষ্টুরেন্টে অনুষ্ঠিত বিএনপি সমর্থিত আইনজীবী ঐক্য পরিষদের প্যানেল পরিচিতি সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
ফজলুর রহমান আরো বলেন, কলকাতা-ঢাকার দরজা ছিলো এই নারায়ণগঞ্জ। শিক্ষাক্ষেত্রে, ব্যবসাক্ষেত্রে সব কিছুতেই এই নারায়ণগঞ্জ ছিলো অপ্রতিদ্বন্দী। এবার নারায়ণগঞ্জে এসেছি হুমায়ুন-কামাল পরিষদের পক্ষে কথা বলতে। কখনও শুনি নাই বারের ভোট ছিনতাই হয় বা বারের নির্বাচনে ভোট দিতে বাধা দেয়া হয়। কিন্তু আমরা শুনলাম বার বার নারায়ণগঞ্জসহ বিভিন্ন বারের নির্বাচনে বাধা দেওয়া হচ্ছে।
এছাড়াও তিনি বলেন, আমার লজ্জা করে ভোট ডাকাতির ব্যাপারে আপনারা আইনজীবীরা যাদের নাম বলছেন, তারা সবাই আমার শিষ্য ছিলো। কিন্তু বিষয়টি আমি জানি না, আপনাদের থেকেই শোনা তাদের নাম। এরশাদ আমলে এরা সবাই আমার শিষ্য ছিলো। আজ তারা ভোট লুট করে, ডাকাতি করে এটা আমার জন্য লজ্জার বিষয়।
জেলা জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের সভাপতি খন্দকার আজিজুল হকের সভাপতিত্বে এ অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন, বাংলাদেশ জাতীয়তাবাদী দল কেন্দ্রীয় নির্বাহী কমিটির যুগ্ম মহাসচিব ব্যারিস্টার এএম মাহবুব উদ্দিন খোকন, জেলা বিএনপির আহ্বায়ক তৈমূর আলম খন্দকার, সদস্য সচিব মামুন মাহমুদ, মহানগর বিএনপির সিনিয়র সহ-সভাপতি সাখাওয়াত হোসেন খান, সহ-সভাপতি অ্যাড. জাকির হোসেন, আইনজীবী সমিতির সাবেক সভাপতি অ্যাড. আব্দুল বারী ভুঁইয়া, জাতীয়তাবাদী আইনজীবী ঐক্য পরিষদের সভাপতি পদে মনোনীত প্রার্থী অ্যাড. সরকার হুমায়ুন কবীর, সিনিয়র সহ-সভাপতি পদে মনোনীত অ্যাড. মানিক মিয়া, সহ সভাপতি পদে অ্যাড. আনোয়ারুল আলম রিপন ও সাধারণ সম্পাদক পদে মনোনীত অ্যাড. কামাল হোসেন মোল্লা প্রমুখ।











